কলকাতা বিশ্ববিদ্যালয় মানেই অনেকের কাছে লাল ফিতের ফাঁস! একটা সাধারণ কাজের জন্যেও বার বার ঘোরা—কাজ আর এগোয় না। এ বার সেই সমস্যার সমাধানে পুরোপুরি ই–গভর্ন্যান্সের পথে হাঁটছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
দেশের প্রাচীনতম এই বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক কাজ নিয়ে বহুদিন ধরেই অসন্তোষ রয়েছে। সাধারণ কাজ মেটানোর জন্যে বার বার কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ছুটে যেতে হয় অধ্যাপক, শিক্ষাকর্মী থেকে কলেজগুলির প্রিন্সিপাল, শিক্ষক, শিক্ষাকর্মীদের। গবেষক থেকে পড়ুয়া, সবারই তিক্ত অভিজ্ঞতা রয়েছে।
পরীক্ষা সংক্রান্ত যে পোর্টাল তৈরি করা হয়েছে তাতে মার্কস আপলোড করা, সেই মার্কস পরীক্ষা নিয়ামকের দপ্তর পর্যন্ত পৌঁছনো, ফাইনাল রেজাল্ট তৈরি—কোনও কিছুর জন্যেই বিশ্ববিদ্যালয়ের অন্য ক্যাম্পাস বা কলেজ থেকে আর কলেজ স্ট্রিট ক্যাম্পাসে ছুটতে হবে না।
বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে বিভাগীয় প্রধানরা খাতা চেক করার পরে অনলাইনে মার্কস আপলোড করবেন, পরীক্ষা নিয়ামকের দপ্তর তা খতিয়ে দেখে যদি কোনও ব্যাখ্যা চাইতে হয় তবে সেটাও হবে অনলাইন পোর্টালের মাধ্যমে। ফাইনাল মার্কসও আপলোড করা হবে অনলাইনে। সব মিলিয়ে কাজের গতি যেমন বাড়বে, তেমনই কাজগুলি অনেক স্বচ্ছ ভাবে করা যাবে বলেই মনে করছেন কর্তৃপক্ষ।