চুঁচুড়া: এ বার চুঁচুড়া ময়ূরপঙ্ক্ষী ঘাটের একটি রেস্তোরাঁয় যৌথ অভিযান চালাল জেলা স্বাস্থ্য দপ্তর, খাদ্য সুরক্ষা দপ্তর ও জেলা প্রশাসন। বৃহস্পতিবার গঙ্গাতীরের ওই রেস্তোরাঁয় হানা দিয়ে সেখানকার পরিবেশ দেখে চক্ষু চড়কগাছ প্রশাসনের। সেখানে উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্গমৌলি কর, অতিরিক্ত স্বাস্থ্য আধিকারিক (২) দেবযানী বসু মল্লিক, অতিরিক্ত জেলাশাসক অর্ঘ্য ঘোষ এবং প্রশাসনের কর্তারা।
প্রশাসন সূত্রে খবর, এ দিন স্বাস্থ্য দপ্তর, খাদ্য নিরাপত্তা দপ্তর, জেলা প্রশাসন যৌথ ভাবে সকাল ১১টা নাগাদ গঙ্গাতীর লাগোয়া ওই রেস্তোরাঁয় হানা দেন। চুঁচুড়া পুরসভার প্রাক্তন তৃণমূল কাউন্সিলার তথা তৃণমূল নেত্রী মৌসুমি সাহার মালিকানায় থাকা রেস্তোরাঁ থেকে উদ্ধার হয় মেয়াদ উত্তীর্ণ ঠান্ডা পানীয়, চিজ, শিশুদের খাবার ও বাসি, পচা মাংস। পাশাপাশি, জমিয়ে রাখা ঘি, যার কোনও ব্যাচ নম্বর ও মেয়াদের তারিখের উল্লেখ নেই।