ফের নিষিদ্ধ কাশির সিরাপে রোলার চালালেন মুখ্যমন্ত্রী! নেশামুক্ত সমাজ গড়ার অঙ্গীকার, বললেন ‘জ়িরো টলারেন্স’ নীতির কথা


বালুরঘাটের পর এ বার কলকাতার ইকো পার্কে নিষিদ্ধ কাশির সিরাপ ধ্বংসের অভিযানে নামলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার ইকো পার্কে বাজেয়াপ্ত হওয়া বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপের বোতলের উপর দিয়ে রোলার চালিয়ে সেগুলি নষ্ট করেন তিনি। একই সঙ্গে নেশার দ্রব্যের বিরুদ্ধে তাঁর সরকারের ‘জ়িরো টলারেন্স’ নীতির কথাও তুলে ধরেন মুখ্যমন্ত্রী।
ইকো পার্কে এ দিন প্রায় ৩ লক্ষ ১০ হাজার নিষিদ্ধ কাশির সিরাপের বোতল ধ্বংস করা হয়েছে বলে জানান শুভেন্দু। তাঁর দেওয়া তথ্য অনুযায়ী, ওই সিরাপগুলির আনুমানিক বাজারমূল্য প্রায় ৩১ কোটি টাকা। বিধাননগর পুলিশ কমিশনারেটের উদ্যোগেই এই মাদকবিরোধী অভিযান আয়োজন করা হয়। উপস্থিত ছিলেন রাজ্যের ডিজিপি সিদ্ধনাথ গুপ্ত-সহ পুলিশের শীর্ষ আধিকারিকেরা।
এর আগে চলতি মাসের ২ তারিখ দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে একই ধরনের অভিযান করেছিলেন মুখ্যমন্ত্রী। সেখানে পুলিশ সুপারের দফতরের সামনে বাজেয়াপ্ত হওয়া প্রায় দু’লক্ষ নিষিদ্ধ কাশির সিরাপের বোতল রোলার চালিয়ে নষ্ট করা হয়েছিল। এ বার কলকাতাতেও সেই একই ছবি দেখা গেল।
অভিযান শেষে সাংবাদিক বৈঠকে শুভেন্দু বলেন, ‘‘আজ দ্বিতীয় বড় অভিযান করলাম। প্রধানমন্ত্রীর নেশামুক্ত ভারত অভিযান নিয়ে একটা বার্তা দেওয়ার চেষ্টা।’’
মুখ্যমন্ত্রীর বক্তব্য, যুবসমাজকে নেশামুক্ত করা তাঁর সরকারের অন্যতম অগ্রাধিকার। তাঁর দাবি, অবৈধ নেশার কারণে সামাজিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে। বারুইপুরে নাবালিকা ধর্ষণ ও খুনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, রাজ্যে অতীতে ঘটে যাওয়া একাধিক অপরাধের নেপথ্যে মাদকাসক্তদের ভূমিকা ছিল।
শুভেন্দুর কথায়, ‘‘অবৈধ নেশার জন্য সামাজিক পরিবেশ নষ্ট হচ্ছে।’’ তাঁর দাবি, বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকেই মাদকবিরোধী অভিযানকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বাজেয়াপ্ত নেশার দ্রব্য দ্রুত নষ্ট করার পাশাপাশি মাদকের কারবারের বিরুদ্ধে আরও কড়া পদক্ষেপের বার্তাও দেন মুখ্যমন্ত্রী।
বালুরঘাটের পর ইকো পার্ক—পর পর দু’টি বড় অভিযানে বিপুল পরিমাণ নিষিদ্ধ কাশির সিরাপ ধ্বংস করে নেশার বিরুদ্ধে সরকারের কঠোর অবস্থানের বার্তা দেওয়ার চেষ্টা করলেন মুখ্যমন্ত্রী।

Post a Comment

Previous Post Next Post