গুচ্ছ গুচ্ছ জনস্বার্থ মামলা কলকাতা হাই কোর্টে! নতুন প্রধান বিচারপতির হুঁশিয়ারি, জরিমানা নিয়ে বার লাইব্রেরির বই কেনাব


গুচ্ছ গুচ্ছ জনস্বার্থ মামলা নিয়ে বিরক্ত কলকাতা হাই কোর্ট। পর্যাপ্ত তথ্য ও নথি ছাড়াই জনস্বার্থ মামলা দায়ের করা হচ্ছে—এমনই পর্যবেক্ষণ আদালতের। এ ভাবে মামলা দায়েরের প্রবণতা বন্ধ না হলে মোটা অঙ্কের জরিমানা করা হতে পারে বলেও বুধবার হুঁশিয়ারি দিয়েছে উচ্চ আদালত।
প্রধান বিচারপতি রবীন্দ্র বি ঘুগে এবং বিচারপতি ওম নারায়ণ রাইয়ের ডিভিশন বেঞ্চে এ দিন একাধিক জনস্বার্থ মামলার শুনানি হয়। কয়েকটি মামলা খারিজও করে দেয় আদালত। শুনানিতে বেঞ্চের পর্যবেক্ষণ, জনস্বার্থ মামলা দায়েরের ক্ষেত্রে নির্দিষ্ট নিয়ম রয়েছে। যে কোনও বিষয়কে জনস্বার্থের সঙ্গে যুক্ত করে মামলা দায়ের করা যায় না। মামলার সঙ্গে যথেষ্ট তথ্য, নথি এবং প্রাসঙ্গিক উপাদান থাকা প্রয়োজন।
আদালত জানায়, পর্যাপ্ত তথ্য ছাড়াই একের পর এক জনস্বার্থ মামলা দায়ের হলে প্রকৃত জনস্বার্থের মামলাগুলিও ক্ষতিগ্রস্ত হয়। কারণ, আদালতের সময় এবং পরিকাঠামোর একটি বড় অংশ এই ধরনের মামলার শুনানিতে ব্যয় হচ্ছে। তাই এমন মামলা দায়েরের প্রবণতা বন্ধ করতে কড়া পদক্ষেপের প্রয়োজন বলে মনে করছে বেঞ্চ।
পর্যাপ্ত তথ্য-প্রমাণ ছাড়া জনস্বার্থ মামলা দায়ের করা হলে ১০ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা করা উচিত বলেও মন্তব্য করে আদালত। সেই জরিমানার টাকা দিয়ে কলকাতা হাই কোর্টের বার লাইব্রেরির জন্য বই কেনা যেতে পারে—এমন প্রস্তাবও উঠে আসে শুনানিতে।
প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চের বার্তা, জনস্বার্থ মামলার উদ্দেশ্য হল বৃহত্তর জনস্বার্থ রক্ষা করা। ব্যক্তিগত স্বার্থ, প্রচার বা পর্যাপ্ত ভিত্তি ছাড়া কোনও বিষয় নিয়ে মামলা দায়ের করলে সেই উদ্দেশ্যই ব্যাহত হয়। তাই ভবিষ্যতে জনস্বার্থ মামলা দায়েরের ক্ষেত্রে আবেদনকারীদের আরও সতর্ক হতে হবে।

Post a Comment

Previous Post Next Post