পুরভোটের প্রস্তুতির মধ্যেই হাওড়া পুরসভায় ওয়ার্ড সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশ করল রাজ্য সরকার। ৬৮টি ওয়ার্ডের মধ্যে ২৩টি ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে। অর্থাৎ মোট ওয়ার্ডের প্রায় ৩৩ শতাংশই মহিলাদের জন্য সংরক্ষিত থাকছে।
বুধবার হাওড়ার জেলাশাসক তথা জেলা মিউনিসিপ্যাল ইলেকশন অফিসার পি দীপাপ প্রিয়া এই সংক্রান্ত আদেশনামা জারি করেন। সেখানে জানানো হয়েছে, ‘ওয়েস্ট বেঙ্গল মিউনিসিপ্যাল ইলেকশন (রিজার্ভেশন অফ সিটস) রুলস, ১৯৯৪’-এর ৩ নম্বর ধারা অনুযায়ী এবং রাজ্য নির্বাচন কমিশনের প্রদত্ত ক্ষমতাবলে সংরক্ষণের এই খসড়া তালিকা তৈরি করা হয়েছে।
প্রকাশিত তালিকা অনুযায়ী, হাওড়া পুরসভার ১, ৪, ৭, ১০, ১৩, ১৬, ১৯, ২২, ২৫, ২৮, ৩১, ৩৪, ৩৮, ৪১, ৪৪, ৪৭, ৫০, ৫৩, ৫৬, ৫৯, ৬২ এবং ৬৫ নম্বর ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষিত করা হয়েছে।
এ ছাড়াও ৩৫ এবং ৬৬ নম্বর ওয়ার্ড তফসিলি জাতির জন্য সংরক্ষিত রাখা হয়েছে। এর মধ্যে ৩৫ নম্বর ওয়ার্ডটি তফসিলি জাতিভুক্ত মহিলাদের জন্য সংরক্ষিত। তবে তফসিলি জনজাতির জন্য কোনও ওয়ার্ড সংরক্ষিত করা হয়নি।
উল্লেখ্য, গত বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত সঙ্কল্পপত্রে বিজেপি জানিয়েছিল, ক্ষমতায় এলে মহিলাদের জন্য ৩৩ শতাংশ সংরক্ষণ চালু করা হবে। হাওড়া পুরসভায় ৩৩ শতাংশ ওয়ার্ড মহিলাদের জন্য সংরক্ষণের খসড়া তালিকা প্রকাশের পরেই বিজেপির প্রতিক্রিয়া, ‘‘জয় হোক মাতৃশক্তির।’’