আগামী ১৪ সেপ্টেম্বর গণেশ পুজো দিয়ে শুরু হচ্ছে উৎসবের মরশুম। বলতে গেলে সেপ্টেম্বর থেকে ডিসেম্বর — বাঙালি ক্যালেন্ডারের ‘মোস্ট হ্যাপেনিং মান্থস’। এ বছরই রাজ্যে সরকার বদলেছে। উৎসবের দিনেও যাতে পরিবর্তনের ছবি ধরা পড়ে, সেটাই চাইছেন পরিবেশকর্মীরা। ‘শব্দ–জব্দে’ পুলিশের যথাযথ পদক্ষেপ, বাজির বারুদে বাতাসে বিষ ঠেকানো — এ সবের জন্য চিঠি দিয়ে মুখ্যমন্ত্রীর কাছে আর্জি জানিয়েছেন তাঁরা। রাজ্যের মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব, পরিবেশসচিব, ডিজিপি এবং দূষণ নিয়ন্ত্রণ পর্ষদের সদস্য সচিবের কাছেও সার্কুলার বা নির্দেশিকা জারির আবেদন জানানো হয়েছে।
পরিবেশ অ্যাকাডেমি–র সভাপতি বিশ্বজিৎ মুখোপাধ্যায়, সবুজ মঞ্চ–র সাধারণ সম্পাদক নব দত্ত, পরিবেশকর্মী সুভাষ দত্ত থেকে শুরু করে একাধিক সংস্থা নতুন সরকারের কাছে কড়া পদক্ষেপের আবেদন জানিয়েছেন। তাঁদের বক্তব্য, আগের আমলে নির্দেশিকা কাগজে-কলমেই থেকে যেত, সেটা যেন আর না হয়। পুলিশ ও দূষণ নিয়ন্ত্রণ পর্ষদ যেন মাঠে–ময়দানে কাজ করে। নিষিদ্ধ শব্দবাজি পুরোপুরি বন্ধ করে পরিবেশবান্ধব সবুজ বাজির ব্যবহার বাধ্যতামূলক করতে সরকারকে এখনই সক্রিয় হতে আর্জি জানিয়েছেন তাঁরা।