বিধাননগরের তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীর মামলাকে ঘিরে নতুন করে উত্তেজনা। মামলার বিশেষ সরকারি আইনজীবী বিভাস চট্টোপাধ্যায়কে হুমকি ফোন করার অভিযোগ উঠেছে। ঘটনার পর বাগুইআটি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি।
আইনজীবীর অভিযোগ, অজ্ঞাতপরিচয় এক ব্যক্তি তাঁকে ফোন করে নিজেকে দেবরাজ চক্রবর্তীর ঘনিষ্ঠ বলে পরিচয় দেন। ফোনে ওই ব্যক্তি জানান, দেবরাজের মামলার বিষয়ে তাঁর সঙ্গে কথা বলতে চান। এমনকি, ‘দাদা’র নির্দেশেই তিনি ফোন করেছেন বলেও দাবি করেন।
অভিযোগ, কথোপকথনের সময় ওই ব্যক্তির গলায় ছিল হুমকির সুর। দেবরাজ চক্রবর্তীর মামলা নিয়ে যেন তিনি বেশি দূর না এগোন, সেই বার্তাই কার্যত দেওয়া হয় বলে দাবি সরকারি আইনজীবীর।
আরও তাৎপর্যপূর্ণ বিষয় হল, আইনজীবীর দাবি অনুযায়ী ফোন নম্বরটি ট্রু কলারে ‘এবি কমিটি মেম্বার’ নামে চিহ্নিত হয়েছিল। যদিও ওই ব্যক্তি আদৌ কে এবং তাঁর সঙ্গে দেবরাজ চক্রবর্তীর কোনও যোগ রয়েছে কি না, তা এখনও স্পষ্ট নয়।
হুমকি ফোন পাওয়ার পর বিষয়টি হালকাভাবে নেননি বিভাস চট্টোপাধ্যায়। সরাসরি বাগুইআটি থানায় গিয়ে অভিযোগ দায়ের করেন তিনি। ফোনটির উৎস, কলকারী ব্যক্তির পরিচয় এবং ঘটনার নেপথ্যে কারা রয়েছে, তা খতিয়ে দেখছে পুলিশ।
দেবরাজ চক্রবর্তীর মামলাকে কেন্দ্র করে এমনিতেই রাজনৈতিক ও আইনি মহলে চাপানউতোর রয়েছে। তার মধ্যেই সরকারি আইনজীবীকে হুমকি দেওয়ার অভিযোগ নতুন মাত্রা যোগ করল সেই ঘটনায়।