‘হিন্দির প্রসারে অনন্য ভূমিকা ছিল নেতাজির’, মাতৃভাষা মাথায় রেখে হিন্দি শেখার পরামর্শ শাহের


হিন্দি ভাষা দিবসে আজাদ হিন্দ বাহিনী এবং নেতাজি সুভাষচন্দ্র বসুর প্রসঙ্গ তুলে ধরলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। ভার্চুয়ালি বক্তব্য রাখতে গিয়ে হিন্দি ভাষার প্রসারে নেতাজির অবদানের কথা উল্লেখ করেন তিনি। একই সঙ্গে দেশের যুবসমাজকে মাতৃভাষাকে অগ্রাধিকার দেওয়ার পাশাপাশি অন্যান্য ভারতীয় ভাষা শেখার পরামর্শও দিয়েছেন শাহ।
হিন্দি ভাষা দিবস উপলক্ষে বক্তব্য রাখতে গিয়ে শাহ বলেন, “হিন্দি ভাষা অন্য কোনও ভাষার প্রতিদ্বন্দ্বী নয়।” তাঁর কথায়, ভারতের ভাষাগত বৈচিত্রই দেশের অন্যতম প্রধান শক্তি। প্রতিটি ভাষার সঙ্গেই জড়িয়ে রয়েছে ইতিহাস, ঐতিহ্য ও সংস্কৃতি। তাই কোনও ভাষাকেই ছোট করে দেখা উচিত নয়।
এরপরই হিন্দির প্রসারে অ-হিন্দি ব্যক্তিত্বদের অবদানের কথা তুলে ধরেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। স্বামী দয়ানন্দ সরস্বতী, মহাত্মা গান্ধীর পাশাপাশি নেতাজি সুভাষচন্দ্র বসুর নামও উল্লেখ করেন তিনি। শাহের দাবি, “বাঙালি হওয়া সত্ত্বেও হিন্দি ভাষার প্রসারে অনন্য ভূমিকা ছিল নেতাজির।”
যুবসমাজের উদ্দেশে শাহ বলেন, মাতৃভাষা সবসময়ই অগ্রাধিকার পাবে। তবে তার পাশাপাশি যত বেশি সম্ভব ভাষা শেখার চেষ্টা করা উচিত। নিজের মাতৃভাষায় কথা বলার ক্ষেত্রে কারও মধ্যে যেন কোনও ধরনের হীনমন্যতা না থাকে, সেই বার্তাও দেন তিনি।
শাহের কথায়, ভাষা শুধু যোগাযোগের মাধ্যম নয়। ভাষার সঙ্গে মানুষের মা, মাটি, ইতিহাস ও সংস্কৃতির গভীর সম্পর্ক রয়েছে। তাই মাতৃভাষাকে ত্যাগ না করে দেশের বিভিন্ন ভাষা সম্পর্কে জানার এবং শেখার উপরেই জোর দেন তিনি।

Post a Comment

Previous Post Next Post