মঞ্চ থেকেই পূর্ব বর্ধমানের জেলাশাসক শ্বেতা আগরওয়ালকে মুখ্যমন্ত্রী বলেন, 'ডিএম ম্যাডাম, বিকশিত ভারতে ১২৫ দিনের কাজ দিতে হবে। আপনি আমাকে কথা দিন, যাতে প্রত্যেকে ৩৭ হাজার ৫০০ টাকা পায়।' জেলাশাসক সম্মতি জানালে তিনি উপস্থিত জনতার উদ্দেশে বলেন, 'আমি আপনাদের গ্যারান্টি দিয়ে গেলাম, ১২৫ দিনের কাজে আপনারা প্রতিদিন ৩০০ টাকা করে পাবেন।'
জেলার পুলিশ সুপার পুষ্পাকে তাঁর নির্দেশ, 'জেলার এসপি-কে বলছি আবগারি দপ্তরের সহযোগিতা নিয়ে জেলায় যত চোলাইয়ের ঠেক আছে গুড়িয়ে দিন। আমি নিজে দু'জায়গায় করেছি। নেশামুক্ত জেলা গড়ে তোলার লক্ষ্যে কাজ করুন।'
সভা শেষে মুখ্যমন্ত্রী বিজেপির জেলা পার্টি অফিস ও পরে উল্লাস উপনগরীতে আরএসএস কার্যালয়ে যান। সেখানে রাজ্যের বকেয়া সমস্যা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, 'আগের ৩৪ বছর আর পরের ১৫ বছর এই ৫০ বছরে রাজ্যের যা অবস্থা সেটা কি এই পাঁচ মাসেই ঠিক হয়ে যাবে? এত বছরের আবর্জনা সরানোর কাজ শুরু করেছি। পাঁচ মাসে সবটা হবে এমনটা ভাবছেন কী করে? খোকন দাসদের (বর্ধমান দক্ষিণের প্রাক্তন বিধায়ক) আর দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে না তো? সব ঠিক হবে।' কাটোয়ার তাপবিদ্যুৎ প্রকল্প ও শিল্পতালুক নিয়ে পরিকল্পনা চলছে বলে জানান তিনি। আরএসএস কার্যালয়ে দুপুরের আহার সারেন মুখ্যমন্ত্রী। সেখানে ভিড় জমানো মহিলাদের উদ্দেশে বলেন, 'আপনারা মাতৃশক্তি। আপনাদের আশীর্বাদ চাই এ ভাবেই।'