ভরা মঞ্চে রাহুলের প্রশ্রয়ে মোদিকে অপমান কমেডিয়ানের, ‘লক্ষ্মণ’ সুনীলের তোপ, ‘এমন নেতাকে দেশের ভার দেবেন?’


ভরা মঞ্চে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মিমিক্রি করলেন স্ট্যান্ড আপ কমেডিয়ান পুলকিত মণি। সেই সময় মঞ্চে উপস্থিত ছিলেন লোকসভার বিরোধী দলনেতা তথা কংগ্রেস নেতা রাহুল গান্ধী। ইন্দোরে শনিবার ‘ছাত্রো কি গুঞ্জ’ অনুষ্ঠানের এই ঘটনার ভিডিয়ো ছড়িয়ে পড়তেই তা নিয়ে রাজনৈতিক মহলে বিতর্ক তৈরি হয়েছে। ঘটনার সমালোচনা করেছেন ‘রামায়ণ’-এর লক্ষ্মণের চরিত্রে অভিনয় করা অভিনেতা সুনীল লহরী।
কংগ্রেসের সমাজমাধ্যম হ্যান্ডলে প্রকাশিত ভিডিয়োয় দেখা যাচ্ছে, রাহুল গান্ধী মঞ্চে থাকার সময়ই পুলকিত প্রধানমন্ত্রী মোদীর মিমিক্রি করছেন। প্রধানমন্ত্রীর বিদেশনীতি বোঝাতে রাহুলকে জড়িয়ে ধরতেও দেখা যায় তাঁকে। এরপর মোদীর মতো করে হাসির ভঙ্গিও করেন ওই কৌতুকাভিনেতা।
ভিডিয়োটি সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ার পরেই তা নিয়ে শুরু হয় বিতর্ক। এই ধরনের মিমিক্রির মাধ্যমে প্রধানমন্ত্রীকে উপহাস করা হয়েছে বলে অভিযোগ ওঠে। ঘটনাটি নিয়ে সরব হয়েছেন সুনীল লহরীও। তাঁর বক্তব্য, দেশের প্রধানমন্ত্রীর পদকে হাস্যরসের উপকরণে পরিণত করা উচিত নয়।
ভিডিয়োবার্তায় সুনীল প্রশ্ন তোলেন, যে রাজনৈতিক মঞ্চে দেশের প্রধানমন্ত্রীর মিমিক্রি করা হয়, সেই ধরনের নেতৃত্বের হাতে দেশের দায়িত্ব তুলে দেওয়া কতটা যুক্তিযুক্ত? তাঁর বক্তব্য ঘিরেও সমাজমাধ্যমে শুরু হয়েছে পাল্টাপাল্টি প্রতিক্রিয়া।
তবে গোটা ঘটনাকে ঘিরে রাজনৈতিক বিতর্কের পাশাপাশি একটি বিষয় স্পষ্ট—প্রধানমন্ত্রীকে নিয়ে ওই মিমিক্রির ভিডিয়ো প্রকাশ্যে আসার পর তা নিয়ে কংগ্রেস এবং বিজেপি-সমর্থকদের মধ্যে সমাজমাধ্যমে তীব্র মতপার্থক্য তৈরি হয়েছে।

Post a Comment

Previous Post Next Post