ভাঙড় কলেজে অশান্তির ঘটনায় চার জনকে গ্রেফতার করল পুলিশ। দু’টি পৃথক মামলায় তাঁদের গ্রেফতার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। ধৃতদের নাম শাহরুখ আখতার আলি মোল্লা, আসলাম হাবিব, রবিউল মিস্ত্রি এবং রবিউল জামান শেখ। নতুন করে যাতে কোনও অশান্তি না ছড়ায়, তার জন্য কলেজের সামনে পুলিশ পিকেটও বসানো হয়েছে।
কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা বিজেপি নেতা সায়ন্তন বসুর ক্যাম্পাসে উপস্থিতিকে কেন্দ্র করে সোমবার উত্তপ্ত হয়ে ওঠে দক্ষিণ ২৪ পরগনার ভাঙড় কলেজ। এসএফআই এবং এবিভিপি-র মধ্যে হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়। খবর পেয়ে ঘটনাস্থলে যায় পুলিশ। সেই সময় এবিভিপি-সমর্থক ছাত্রীদের উদ্দেশে আপত্তিকর মন্তব্য করার অভিযোগও ওঠে।
এই ঘটনায় ভাঙড় থানার স্বতঃপ্রণোদিত মামলায় গ্রেফতার করা হয়েছে রবিউল মিস্ত্রি এবং রবিউল জামান শেখকে। পুলিশ সূত্রে খবর, তাঁদের বিরুদ্ধে অবৈধ জমায়েত, বেআইনি ভাবে কলেজে প্রবেশ এবং পরিচালন সমিতির সভাপতিকে কাজে বাধা দেওয়ার মতো একাধিক অভিযোগ রয়েছে।
অন্য দিকে, এবিভিপি-সমর্থক পড়ুয়াদের একাংশের তরফেও ভাঙড় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে গ্রেফতার করা হয়েছে শাহরুখ আখতার আলি মোল্লা এবং আসলাম হাবিবকে।
ঘটনার পর কলেজ চত্বরে যাতে নতুন করে কোনও উত্তেজনা বা সংঘর্ষ না হয়, সে জন্য নিরাপত্তা বাড়ানো হয়েছে। কলেজের সামনে পুলিশ পিকেট বসানো হয়েছে। পরিস্থিতির দিকে নজর রাখছে পুলিশ।