যেমন কথা, তেমন কাজ। রাজ্যের মুখ্যমন্ত্রী পদে বসেই শপথ করেছিলেন, বিগত কয়েক দশকের শিল্প খরা কাটাতে দুরন্ত গতিতে কাজ করবে তাঁর সরকার। সেইমতোই কাজ এগোচ্ছে। তাতে আরও গতি আনতে এবার মুম্বই গিয়ে বিশিষ্ট শিল্পপতি মুকেশ আম্বানির সঙ্গে বৈঠকে সেরে এলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার তাঁর মুম্বই যাওয়ার খবর প্রথম প্রকাশ করেছিল ‘সংবাদ প্রতিদিন ডিজিটাল।’ খবর অনুযায়ী, রাতের দিকে ‘অ্যান্টিলিয়া’য় পৌঁছে যান বাংলার মুখ্যমন্ত্রী। তাঁকে সাদরে অভ্যর্থনা জানান স্বয়ং রিলায়েন্স কর্তা মুকেশ আম্বানি ও তাঁর ছেলে অনন্ত। সেখানে বেশ কিছুক্ষণ আলোচনা হয় তাঁদের মধ্যে। পশ্চিমবঙ্গের শিল্প সম্ভাবনা নিয়ে আশাপ্রকাশ করেন আম্বানি। রিলায়েন্স আরও বিনিয়োগে আগ্রহী বলে জানান তিনি। তবে সবচেয়ে চমকপ্রদ খবর, বন্যপ্রাণী সংরক্ষণ ও চিকিৎসার জন্য গুজরাটের পর এরাজ্যে ‘বনতারা’র নতুন শাখা খুলতে পারেন আম্বানিরা।
মঙ্গলবার সকালে আম্বানিদের সঙ্গে শিল্প বৈঠকের খবর নিজেই এক্স হ্যান্ডলে পোস্ট করে জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ‘অ্যান্টিলিয়া’য় কাটানো মুহূর্তের ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘গতকাল (সোমবার) বিখ্যাত শিল্পপতি, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানিজির সঙ্গে মুম্বইয়ে দেখা করেছি। সেখানে গণেশকে প্রার্থনা জানানোর সুযোগ হয়েছে। দেশবাসীর সুখশান্তি কামনা করে আশীর্বাদ চেয়েছি। মা কালীর বিশেষ একটি মূর্তি আমি তাঁদের হাতে তুলে দিতে পেরে সৌভাগ্যবান মনে করছি।’
এরপরই তিনি লিখেছেন, ‘এই সফরে আমরা পশ্চিমবঙ্গের শিল্পে অগ্রগতি ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেছি। কথা হয়েছে কর্মসংস্থান নিয়েও। আমি তাঁদের জানিয়েছি যে আমাদের রাজ্য যুব সম্প্রদায়ের দক্ষতা, শক্তিকে প্রয়োগ করে বিপুল কাজের সুযোগ রয়েছে। তাঁরা এগিয়ে এলে স্বাগত।’ তাঁর এই পোস্টে আশা দেখছেন সকলে। রাজ্যে রিলায়েন্স আরও বিনিয়োগ করলে শিল্পক্ষেত্রে তা হবে অত্যন্ত উল্লেখযোগ্য এক অগ্রগতি, এমনই মনে করছে ওয়াকিবহাল মহল।