দুর্গাপুজোয় (Durga Puja) বাদ সাধবে কি বৃষ্টি? বাঙালির মনে গত কয়েকদিনে ঘুরপাক খেয়েছে স্রেফ এই প্রশ্নই। কারণ, বৃষ্টি হলে ভেস্তে যাবে যাবতীয় প্ল্যান। কিন্তু ষষ্ঠীর সকালে খানিকটা সুসংবাদ দিল হাওয়া অফিস (Weather Update)। শনিবার অর্থাৎ প্রথম সপ্তমী পর্যন্ত আকাশের মুখভার থাকলেও অষ্টমী থেকে উধাও হবে বৃষ্টি।
হাওয়া অফিস সূত্রে খবর, দেশ থেকে বর্ষা বিদায় নিয়েছে। দক্ষিণ ভারতের বিভিন্ন রাজ্যে শুরু হয়েছে রিটার্ন মনশুন। উত্তরপূর্ব মৌসুমী বায়ুর প্রভাব রয়েছে। কোমোরিন এলাকা থেকে অক্ষরেখা ওড়িশা উপকূলের উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। এটি দক্ষিণ পশ্চিম ও পশ্চিম মধ্য বঙ্গোপসাগরের উপর দিয়ে বিস্তৃত। ফলে শুক্রবার ও শনিবার দক্ষিণ ২৪ পরগনা ও পূর্ব মেদিনীপুরে কয়েকটি জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে এক-দুটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। তবে সপ্তমী থেকে একাদশী দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুষ্ক থাকবে আবহাওয়া।
শুক্রবার ও শনিবার দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পংয়ের এক-দুটি জায়গায় হালকা বৃষ্টি হতে পারে। উত্তরবঙ্গের বাকি জেলাগুলোতে মূলত শুষ্ক আবহাওয়া থাকবে। রবিবার দার্জিলিং ও কালিম্পংয়ের এক-দুটি জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। অষ্টমী থেকে একাদশী বৃষ্টির কোনও সম্ভাবনা এখনও পর্যন্ত নেই। পরিষ্কার থাকবে আকাশ। ফলে উত্তর হোক দক্ষিণ, গোটা বাংলাই চুটিয়ে প্যান্ডেল হপিং করতে পারবে।