পুজোর মুখে হকারদের পাশে মন্ত্রী অগ্নিমিত্রা, ব্যবসার জন্য বেছে দিলেন জায়গা



পুজোর মুখে হকারদের পাশে রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের মন্ত্রী অগ্নিমিত্রা পাল। হকাররা ফুটপাথের এক তৃতীয়াংশ নিয়ে বসতে পারবেন বলেই জানান তিনি। শুক্রবার বর্ধমানে বিসি রোড আচমকা পরিদর্শনের পর এমনই নির্দেশ দিলেন তিনি।
শুক্রবার বর্ধমানে বিশ্ব হিন্দু পরিষদের একটি অনুষ্ঠান ছিল। তাতেই অংশ নেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। অনুষ্ঠান শেষে কার্জন গেট থেকে বিসি রোড পর্যন্ত রাস্তা পরিদর্শন করেন তিনি। দেখেন রাস্তার প্রায় সিংহভাগ দখল করে বসে রয়েছেন হকাররা। বহু ফলের দোকানও একেবারে রাস্তার উপরে। তার ফলে সাধারণ মানুষের হাঁটাচলার জায়গাও নেই। আবার কেউ কেউ হকার্স মার্কেটে দোকান পাওয়া সত্ত্বেও সেখানে ব্যবসা করেন না। সেটিকে ভাড়া দিয়ে রাস্তা দখল করে ব্যবসা করেন। তা দেখেই বিরক্ত হন মন্ত্রী। এদিন তিনি ব্যবসায়ীদের রাস্তা দখল না করে ব্যবসা করার বার্তা দেন। অগ্নিমিত্রা বলেন, “হকাররা ফুটপাথের এক তৃতীয়াংশ নিয়ে বসবেন।” তাঁরও আরও নির্দেশ, হকার্স মার্কেটে যাঁরা দোকান নিয়ে ভাড়া দিয়ে ফুটপাথে ব্যবসা করছেন, তাঁদের উঠে যেতে হবে। রাস্তার ধারে পার্কিংয়ের ক্ষেত্রেও নিয়ম মানার কথা বলেন তিনি। তার ফলে রাস্তাঘাট ফাঁকা হবে। জনজীবন আরও গতি পাবে বলেই মনে করা হচ্ছে।
ক্ষমতায় আসার পর থেকে রাজ্যকে ঢেলে সাজানোর পরিকল্পনা শুভেন্দু প্রশাসনের। রাস্তা, নিকাশি সবক্ষেত্রে নজর দেওয়া হয়েছে। রাস্তা সাধারণ মানুষের হাঁটাচলার জায়গা তৈরি করতেও উদ্যোগ নেওয়া হয়েছে। তাই যাদবপুর-সহ একাধিক এলাকা থেকে বেআইনি হকারদের সরিয়ে ফেলা হয়। পার্ক স্ট্রিটে রাস্তার পাশে পথচারীদের জায়গা দখল করে বসবাসেরও বিরোধিতা করেছেন অগ্নিমিত্রা। তা নিয়ে অবশ্য বিতর্ক কম হয়নি। এবার বর্ধমানের বিসি রোড পরিদর্শনে গিয়েও মন্ত্রীর বার্তা একটাই, রাস্তা হাঁটাচলার যোগ্য করে তোলা। সে কারণে হকারদের পসরা সাজিয়ে বসার ক্ষেত্রে বেশ কয়েকটি নির্দেশিকা জারি করেন অগ্নিমিত্রা। এরপরেও কেউ নিয়ম লঙ্ঘন করলে বন্দোবস্ত করার নির্দেশ মন্ত্রীর।

Post a Comment

Previous Post Next Post