রাজ্য সরকারি কর্মীদের পুজোর আগেই বকেয়া DA? ছুটির দিনেও চলছে কাজ, সুখবর কি শীঘ্রই?


পুজোর আগেই কি রাজ্য সরকারি কর্মীদের বকেয়া ডিএ বাবদ অর্থ দিয়ে দেওয়া হবে? দুর্গাপুজো যখন দোরগোড়ায়, তখন রাজ্য সরকারি কর্মীদের মহলে এমন একটা আশার কথা শোনা যাচ্ছে।
সরকারের তরফে জানানো হয়েছিল অক্টোবরে পুজোর আগে বর্ধিত DA-সহ সেই মাসের বেতন দিয়ে দেওয়া হবে। অন্যদিকে সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা (DA) এক কিস্তিতে মিটিয়ে দেওয়ার বিজ্ঞপ্তি ইতিমধ্যেই জারি করেছে রাজ্য অর্থ দপ্তর। তারই সঙ্গে কী ভাবে এই ডিএ মেটানো হবে, তার নির্দেশিকাও জারি করেছে রাজ্য সরকার। কিন্তু পুজোর আগেই বকেয়া ডিএ দেওয়া হবে, এই আশা কেন করা হচ্ছে?

পুজোর আগে বকেয়া ডিএ? কেন ভাবা হচ্ছে এমন?

বকেয়া ডিএ-এর হিসাবের কাজ শুরু হয়ে গিয়েছে। যেহেতু অনেকদিনের বকেয়া, ফলে হিসেবের জন্য সময়ও বেশি লাগছে। এই পরিস্থিতিতে ছুটির দিনেও কাজ করতে হচ্ছে রাজ্যের বেশ কিছু দপ্তরের অ্যাকাউন্টস সেলের কর্মীদের। কোনও দপ্তরের অ্যাকাউন্টস সেলের কর্মীরা সংশ্লিষ্ট দপ্তরের কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের বেতন ও বকেয়া ডিএ-এর হিসেব করেন। তারই সঙ্গে রাজ্যের অর্থ দপ্তরের কিছু কর্মীও ছুটির দিনে কাজ করেছেন। ২ অক্টোবর মহাত্মা গান্ধীর জন্মদিনে কাজ হয়েছে কয়েকটি দপ্তরে। মাঝেমধ্যেই শনিবার ও রবিবার (যেগুলি রাজ্য সরকারি কর্মীদের ছুটির দিন) কাজ হচ্ছে। এর ফলেই একটি অংশ মনে করছে, পুজোর আগে বকেয়া ডিএ মিটিয়ে দেওয়ার জন্য কাজের চাপ এ ভাবে বেড়েছে। তবে সরকারি একটি সূত্রের দাবি, সময় কম, এত কমদিনে পুরো কাজ নাও শেষ হতে পারে।

কী ভাবে হবে DA হিসাব?

সংশ্লিষ্ট কর্মীর বেতন, গ্রেড–পে এবং ডিএ-র হিসেবের জন্য প্রয়োজনীয় অন্যান্য বেতন সংক্রান্ত তথ্য এইচআরএমএস-এ তোলা হবে। সার্ভিস বুক ও অন্য অনুমোদিত সরকারি নথি থেকে ওই তথ্য নেওয়া হবে। পুরো প্রক্রিয়ার দায়িত্ব মূলত ড্রয়িং অ্যান্ড ডিসবার্সিং অফিসারকে (ডিডিও) দেওয়া হয়েছে। বকেয়া ডিএ-র হিসেব নিয়ে যাতে কোনও বিভ্রান্তি না হয়, তার জন্য সবদিকে নজর রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

ডিএ-এর হিসেব যাতে ঠিকমতো করা হয় তার জন্য একটি ট্রেনিং সেশনের ব্যবস্থা করা হয়েছে বলে সূত্রের খবর।

হিসেব নিয়ে কী কী জটিলতা রয়েছে?

১. কেউ হয়তো ২০০৮ থেকে ২০১৫ -পুরোটা কর্মী ছিলেন না। হয়তো ২০১৩ সাল পর্যন্ত কর্মী, তারপরে পেনশনার হয়েছেন। তাঁর হিসেব কী ভাবে হবে

২. কেউ হয়তো ২০০৮ থেকে ২০১৫ পর্যন্ত পুরোটাই কর্মী ছিলেন। তারপরে পেনশনভোগী হয়েছেন, সেক্ষেত্রে কী ভাবে হিসেব হবে?

৩. এমন ঘটনাও রয়েছে, কোনও কোনও কর্মীর ক্ষেত্রে দেখা গিয়েছে যে তাঁরা ওই সময়ে কর্মী ছিলেন। তারপরে পেনশনার ছিলেন। তারপরে মারাও গিয়েছেন তিনি। এখন তাঁর পরিবার ফ্যামিলি পেনশন পান সেক্ষেত্রে কী ভাবে হিসেব হবে।

এমন নানা বিষয়ে কী ভাবে হিসেব করা হবে, তা বুঝিয়ে দিতেই ট্রেনিং করানো হচ্ছে।

কোন গ্রুপের কর্মীর কী ভাবে DA পাবেন?

গ্রুপ A, B এবং C-এর কর্মীদের ক্ষেত্রে তাঁদের বকেয়া ডিএ GPF বা জেনারেল প্রভিডেন্ট ফান্ড অ্যাকাউন্টে জমা হবে। গ্রুপ D কর্মীদের ক্ষেত্রে, তাঁদের বকেয়া অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা পড়বে। আর পেনশনারও অ্যাকাউন্টে টাকা পাবেন। সরকারি একটি সূত্রের দাবি, তাঁদের টাকা আগে দেওয়ার জন্য চেষ্টা করা হচ্ছে।

Post a Comment

Previous Post Next Post