মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে সরানোর দাবিতে একাধিক মামলা দায়ের হয়েছে সুপ্রিম কোর্টে। সোমবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মোহনার বেঞ্চে মামলাগুলির শুনানি হবে। দুই নির্বাচন কমিশনারের সম্মতি ছাড়াই তিনি একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্তে সিলমোহর দিয়েছেন বলে অভিযোগ।
ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন বা SIR থেকে শুরু করে নির্বাচন কমিশনের সফটওয়্যারে পরিবর্তন — একাধিক বিষয়ে জ্ঞানেশ কুমার একাই সিদ্ধান্ত নিয়েছেন বলে সুপ্রিম কোর্টে মামলা দায়ের করেছেন পাটনার বাসিন্দা রাকেশ কুমার সিং এবং আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী।
রাকেশের দায়ের করা মামলায় প্রশ্ন তোলা হয়েছে, নির্বাচন কমিশনের যৌথ ভাবে সিদ্ধান্ত নেওয়ার কথা থাকলেও তা জ্ঞানেশ কুমার একাই নিয়েছেন কি না? যদি সেটাই হয়ে থাকে, তা হলে সেই সিদ্ধান্তগুলি বেআইনি ঘোষণা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আর্জি জানিয়েছেন তিনি। পাশাপাশি শুনানি শেষ না হওয়া পর্যন্ত জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের দায়িত্ব থেকে সরানোর আবেদনও জানিয়েছেন মামলাকারী।
অন্য মামলাটি করেছেন আইনজীবী শৈলেন্দ্র মণি ত্রিপাঠী। তাঁর অভিযোগ, জ্ঞানেশ কুমারের একাধিক পদক্ষেপ নির্বাচন কমিশনের যৌথভাবে সিদ্ধান্ত নেওয়ার যে নিয়ম রয়েছে, তার বিরোধী। মুখ্য নির্বাচন কমিশনার এবং অন্য আধিকারিকদের বিরুদ্ধে সরকারি দায়িত্ব পালনে গাফিলতির অভিযোগ তুলে ফৌজদারি মামলা শুরুর আবেদনও জানিয়েছেন তিনি। মামলাকারী ২০২৩-এর ‘Chief Election Commissioner and Other Election Commissioners Act’-এর ১৮ নম্বর ধারার উল্লেখ করেছেন। ওই ধারায় বলা হয়েছে, নির্বাচন কমিশন যৌথভাবে সিদ্ধান্ত নেবে। সদস্যদের মধ্যে মতপার্থক্য হলে সংখ্যাগরিষ্ঠের মতই হবে চূড়ান্ত।
ভোটার তালিকায় নাম তোলার জন্য ব্যবহৃত Form 6 নিয়েও গুরুতর অভিযোগ রয়েছে তাঁর। মামলাকারীর দাবি, ওই ফর্মে মা-বাবার তথ্য এবং আগের SIR-এর সঙ্গে যোগসূত্রের মতো বিষয় যোগ করা হয়েছে, যা আগে ছিল না। নির্বাচন সংক্রান্ত নিয়মে প্রয়োজনীয় সংশোধন না করেই কমিশনের সফটওয়্যারের মাধ্যমে এই পরিবর্তনগুলি করা হয়েছে বলে অভিযোগ তাঁর। দাবি, এই পরিবর্তনের বিরোধিতা করেছিলেন অন্য দুই নির্বাচন কমিশনার। তাঁদের বক্তব্য ছিল, নির্দিষ্ট আইনি প্রক্রিয়া ছাড়া এই ধরনের ফর্মে এমন পরিবর্তন করা যায় না।
দু’টি মামলার পিছনে রয়েছে ‘ইন্ডিয়ান এক্সপ্রেস’-এর একটি প্রতিবেদন। সেখানে দাবি করা হয়েছিল, গত ১০ মাসে SIR ও অন্যান্য একাধিক বিষয়ে অন্তত ১৪ বার আপত্তি জানিয়েছিলেন নির্বাচন কমিশনার সুখবীর সিং সান্ধু ও বিবেক জোশী। কিন্তু তাঁদের সম্মতি ছাড়াই ওই সিদ্ধান্তগুলি নেওয়া হয়েছে বলে অভিযোগ করা হয়েছে প্রতিবেদনে। যদিও অভিযোগ উড়িয়ে দিয়েছে নির্বাচন কমিশন। তাদের বক্তব্য, আলোচনা চলাকালীন প্রতিষ্ঠানের সদস্যদের মধ্যে মতভেদ হওয়াটাই স্বাভাবিক। কমিশনের প্রতিটি নির্দেশেরই আইনি বৈধতা রয়েছে। নির্দিষ্ট আইন ও নিয়ম মেনেই সেগুলি জারি করা হয়েছে বলে দাবি করেছে নির্বাচন কমিশন।