লালবাজার সূত্রে খবর, শহরের পরিবেশ ও আইন-শৃঙ্খলা রক্ষার্থে জ়িরো টলারেন্স নীতি নেওয়ার কথা সব ডিভিশনের ডেপুটি কমিশনারকে জানিয়েছেন পুলিশ কমিশনার অজয় নন্দ। ট্র্যাফিক গার্ডগুলির পাশাপাশি স্থানীয় থানাগুলিকেও পদক্ষেপের নির্দেশ দেওয়া হয়েছে।
কলকাতার কোন কোন রুট দিয়ে বাজির চোরাচালান হতে পারে, তার একটি সম্ভাব্য তালিকাও তৈরি হয়েছে। রাতের দিকে এবং ভোরে সন্দেহভাজন যানবাহনে তল্লাশি অভিযান চালানোর কথা জানানো হয়েছে ট্র্যাফিক পুলিশকে। কারণ, ওই সময়েই ভিন রাজ্য থেকে নিষিদ্ধ শব্দবাজি ঢোকে শহরে।
ধর্মতলা, গড়িয়াহাট কিংবা হাতিবাগান সর্বত্রই এখন পুজোর বাজারের জন্য ভিড় বেড়েছে। প্রশাসনের আশঙ্কা, উৎসবের ভিড়ের সুযোগ নিতে পারে বাজি ব্যবসায়ীরা। তা বন্ধ করতেই এই আগাম সতর্কতা। নিষিদ্ধ বাজির নিয়ে কেউ ধরা পড়লে কড়া পদক্ষেপের কথা জানানো হয়েছে লালবাজারের তরফে। পাশাপাশি, গঙ্গার ঘাট ও বাজার এলাকায় নজরদারি চালাবে পুলিশ।