পুজোর আগে কলকাতার রেস্তোরাঁয় খাদ্য সুরক্ষা দফতরের অভিযান, একাধিক অনিয়ম নজরে
পশ্চিমবঙ্গে শুরু হতে চলেছে পুজোর মরসুম। আর তার আগেই নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করতে কলকাতায় বিশেষ অভিযান চালাল কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতর। পুজোর আগে শহরের রেস্তোরাঁগুলিতে খাবারের গুণমান এবং পরিচ্ছন্নতা খতিয়ে দেখতেই এই বিশেষ অভিযান।
আজ উত্তর কলকাতার হাতিবাগান এলাকায় একাধিক নামী রেস্তোরাঁয় হানা দেন কলকাতা পুরসভার খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা। অভিযানে কস্তুরী, আহারে বাঙালি, কলকাতা রাজবাড়ী, ভূতের রাজা দিল বর-সহ একাধিক রেস্তোরাঁয় পৌঁছন আধিকারিকরা।
মূলত রেস্তোরাঁগুলিতে খাবারের গুণমান, রান্নাঘরের পরিচ্ছন্নতা, খাবার সঠিকভাবে সংরক্ষণ করা হচ্ছে কি না এবং প্যাকেটজাত খাবারের মেয়াদ বা এক্সপায়ারি ডেট ঠিক রয়েছে কি না, তা খতিয়ে দেখেন তাঁরা। পাশাপাশি ফ্রোজেন খাবার কতদিন ধরে সংরক্ষণ করে রাখা হয়েছে, সেই বিষয়টিও পরীক্ষা করা হয়।
অভিযানের সময় প্রত্যেকটি রেস্তোরাঁ থেকেই খাবার এবং মশলার নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনাগুলি পরীক্ষার জন্য পাঠানো হবে। পরীক্ষার রিপোর্টের ভিত্তিতেই খাবারের গুণমান সম্পর্কে পরবর্তী পদক্ষেপ করবে কলকাতা পুরসভা।
অভিযানে বেশ কিছু অনিয়মও নজরে আসে। কোথাও খোলা অবস্থায় খাবার রাখা ছিল, আবার কোথাও মশলা ও গ্রেভির ক্ষেত্রে ডেট মার্ক ছিল না। মাছ-মাংসের ক্ষেত্রেও বেশ কয়েকদিন ধরে ফ্রিজে সংরক্ষণ করে রাখা খাবার পাওয়া যায়। সেগুলি ফেলে দেওয়ার নির্দেশ দেন খাদ্য সুরক্ষা দফতরের আধিকারিকরা।
এছাড়াও একটি দোকানে পাউরুটির প্যাকেটে কোনও লেবেল ছিল না। মেয়াদ পেরিয়ে যাওয়া পাউরুটিও মজুত করে রাখা হয়েছিল বলে অভিযানে নজরে আসে। সেই পাউরুটিগুলিও ফেলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়।
পুজোর আগে শহরের বিভিন্ন রেস্তোরাঁয় খাবারের গুণমান এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতেই এই ধরনের অভিযান আরও চলবে বলে জানিয়েছে পুরসভা।