সেখানেই আগামী বছরের ২৪ জানুয়ারিতে সমাবর্তনের দিনক্ষণ চূড়ান্তের পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সমাবর্তনের পোশাক নিয়ে আলোচনার ইঙ্গিত মিলেছে। এই বিশ্ববিদ্যালয়ে বর্তমানে আচার্য, উপাচার্য, সহ-উপাচার্য, রেজিস্ট্রার এবং সেনেট সদস্যদের জন্য পৃথক পৃথক রঙের গাউন রয়েছে। সঙ্গে থাকে তুলনায় বেশ কিছুটা লম্বা উত্তরীয়। যদিও ছাত্রছাত্রী ও গবেষকদের ক্ষেত্রে গাউন পরার চল নেই। তা হলে ভারতীয় পোশাক হিসেবে ছাত্রছাত্রীদের কি ধুতি-পাঞ্জাবি বা শাড়ি পরতে হবে?
উচ্চশিক্ষার বিশেষ সচিব চন্দানী টুডু রাজ্যের সমস্ত সরকারি সাহায্যপ্রাপ্ত ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের পাঠানো অ্যাডভাইজ়রিতে ঔপনিবেশিক আমলের পোশাকের বদলে সমাবর্তনের শিক্ষামূলক অনুষ্ঠানে ভারতীয় ঐতিহ্যবাহী পোশাক ও হস্তচালিত তাঁতের কাপড় ব্যবহারে জোর দিয়েছেন।
ওই নির্দেশিকায় বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ২০১৫, ২০১৯ এবং ২০২৪ সালের বিজ্ঞপ্তির উল্লেখ করে সমাবর্তনের পোশাকের নকশা তৈরির ক্ষেত্রে ভারতীয় সংস্কৃতি, ঐতিহ্য ও আবহাওয়ার উপযোগিতাকে গুরুত্ব দেওয়ার কথাও বলা হয়েছে। বিশেষ করে উত্তরীয়-সহ ভারতীয় ঐতিহ্যবাহী পোশাককে সমাবর্তনের আনুষ্ঠানিক পোশাক হিসেবে গ্রহণের বিষয়টি বিবেচনা করতে বলা হয়েছে। তবে পোশাকের কোনও নির্দিষ্ট নকশা বাধ্যতামূলক করেনি ইউজিসি।
ঠিক এখানেই প্রশ্ন তুলেছেন শিক্ষাবিদদের একাংশ। পশ্চিমবঙ্গ উচ্চশিক্ষা সংসদের প্রাক্তন ভাইস চেয়ারম্যান পবিত্র সরকারের কথায়, ‘পাশ্চাত্যকে দেখেই আমরা প্যান্ট–শার্ট, জ্যাকেট ও টাই পরেছি। একই ভাবে সমাবর্তনেও রোব পরার চল আমাদের দেশে। আর পাজামা–পাঞ্জাবি হলো মধ্যপ্রাচ্যের পোশাক। তবে সমাবর্তনের এই পোশাক বিধি খুবই তুচ্ছ ঘটনা।’