নয়াদিল্লি : মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ ও ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন কার্যক্রম বা SIR-এর বাতিলের দাবিতে আগামী ১০ অক্টোবর যন্তর মন্তরে প্রতিবাদ আন্দোলন সংগঠিত হতে চলেছে। সেই আন্দোলনে শামিল হবে ৫ বামপন্থী ছাত্র সংগঠন। মঙ্গলবার যৌথ এক বিবৃতিতে এমনই জানানো হয়েছে।
এক বিবৃতিতে স্টুডেন্টস ফেডারেশন অফ ইন্ডিয়া (এসএফআই), অল ইন্ডিয়া স্টুডেন্টস ফেডারেশন (এআইএসএফ), অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন (এআইএসএ), প্রগ্রেসিভ স্টুডেন্টস ইউনিয়ন (পিএসইউ) এবং অল ইন্ডিয়া স্টুডেন্টস ব্লক (এআইএসবি) জানিয়েছে যে, তারা বিপুল সংখ্যায় এই প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেবে। বিবৃতিতে বলা হয়েছে, সামাজিক-সাংস্কৃতিক পটভূমি ও রাজনৈতিক মতাদর্শ নির্বিশেষে হাজার হাজার মানুষ গণতান্ত্রিক মূল্যবোধের সুরক্ষায় একত্রিত হয়েছেন, যার ওপর ভিত্তি করেই আধুনিক ভারতের ধারণা গড়ে উঠেছিল।