২০২০ সালের ১০ ডিসেম্বর দক্ষিণ ২৪ পরগনার শিরাকোলে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলা হয়েছিল। সেই ঘটনায় নাম জড়িয়েছিল তৃণমূল নেতা জাহাঙ্গির খানের। নাড্ডার কনভয় হামলায় মূল অভিযুক্ত পুস্পা? সেই প্রশ্নও উঠেছিল।৬ বছর আগে হওয়া নাড্ডার কনভয় হামলায় এবার নতুন করে নাম জড়াল জেলবন্দি প্রাক্তন বিধায়ক তথা অভিষেক বন্দ্যোপাধ্যায় ঘনিষ্ট তৃণমূল নেতার। অস্ত্র আইনে নতুন করে মামলা রুজু হল।
শিরাকোলে বিজেপির তৎকালীন সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় তদন্তে এবার নয়া মোড়। হামলার ঘটনায় যুক্ত থাকার অভিযোগে এবার জাহাঙ্গির খানকে এই মামলায় নতুন করে যুক্ত করল উস্তি থানার পুলিশ। জাহাঙ্গির খানকে নিয়ে এই মামলায় মোট চারজনকে গ্রেপ্তার দেখানো হল। ডায়মন্ড হারবার পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (জোনাল) অভিষেক মজুমদার মঙ্গলবার রাতে এই বিষয়ে বার্তা দিয়েছেন।
অভিষেক মজুমদার জানান, এই মামলায় জাহাঙ্গির খান, তৌসিফ আহমেদ, আরিফ হোসেন ও আনিসুর রহমানকে গ্রেপ্তার করা হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে দু’টি আগ্নেয়াস্ত্র ও চার রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে বলে জানান অতিরিক্ত পুলিশ সুপার। নতুন করে অস্ত্র আইনে মামলা রুজু করে ধৃতদের ছয় দিনের পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। নাড্ডার কনভয়ে হামলার ঘটনায় ধৃতদের ঠিক কী ভূমিকা ছিল? উদ্ধার হওয়া অস্ত্রগুলিই বা কোথা থেকে তাদের কাছে এল? কনভয়ে হামলার ঘটনায় আরও কারোর যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। ধৃতদের পুলিশ হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ চলছে।