আজ থেকে রেড রোডে বন্ধ যান চলাচল, মহালয়ার অনুষ্ঠানকে মাথায় রেখে বড় পদক্ষেপ পুলিশের



হাতে গোনা আর কয়েকটা দিন পেরোলেই বাঙালির সবচেয়ে বড় উৎসব। দুর্গোৎসব। রাজ্যে ক্ষমতা বদলের পরে, বিজেপি ক্ষমতায় আসার পরে, এই প্রথম দুর্গাপুজো। কলকাতাসহ জেলার মানুষেরা ব্যস্ত শেষ মুহূর্তের প্রস্তুতিতে। তবে এবার, দুর্গাপুজোয় বেশ কিছু নতুন নিয়মাবলি দেখতে চলেছেন কলকাতার মানুষেরা।
পুলিশের তরফ থেকে, নিরাপত্তারক্ষার জন্যই এবার কলকাতায় দুর্গাপুজোর সময়ে একাধিক রাস্তায় যান চলাচল নিয়ন্ত্রিত হবে। কলকাতায় দুর্গাপুজো যেমন উৎসবের, তেমনই পুজোর কয়েকটা দিন যানজটে নাকাল হন সাধারণ মানুষ। পাশাপাশি এবার মহালয়ায় বিশেষ উৎসবের আয়োজন হয়েছে ইডেন গার্ডেন্সেও।
আর আজ, কলকাতা পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, আজ রাত ১০টা থেকে বন্ধ থাকবে রেড রোড। ১১৫, ১১৭, ১২২ ও ১২৬ ধারার এবং কলকাতা পুলিশ আইন/ক্যালকাটা সাবারবান পুলিশ অ্যাক্টের ক্ষমতায়, পুলিশ আজ থেকেই রেড রোডে যান নিয়ন্ত্রণ করছে।
আজ রাত ১০টার পর থেকে রেড রোডে যান চলাচল নিয়ন্ত্রিত করা হবে। ১০ অক্টোবর অর্থাৎ মহালয়ার দিন মধ্যরাত পর্যন্ত অথবা ১১ অক্টোবর, প্রতিপদের ভোর পর্যন্ত রেড রোডের ২ দিকেই যান চলাচল বন্ধ রাখা হবে।
মহালয়ার অনুষ্ঠান সংক্রান্ত বিভিন্ন কাজ, যেমন সরঞ্জাম আনা-নেওয়া করা, সুচারুভাবে অনুষ্ঠান সম্পন্ন করা, দর্শকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং কাজ শেষ হয়ে গেলে, সমস্ত সরঞ্জাম খুলে সরিয়ে নেওয়া এবং, নিরাপদ ও নির্বিঘ্নে গোটা অনুষ্ঠান সম্পন্ন করার জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে পুলিশের তরফে জানানো হয়েছে।
খিদিরপুর রোড দিয়ে নর্থের দিকে যাওয়া যানবাহনগুলিকে প্রয়োজন অনুযায়ী ডাফরিন রোড এবং আউট্রাম রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে। অন্যদিকে, আর আর অ্যাভিনিউ এবং গভর্নমেন্ট প্লেস ইস্ট দিয়ে সাউথের দিকে যাওয়া যানবাহন দরকার মতো মেয়ো রোড এবং ডাফরিন রোড দিয়ে ঘুরিয়ে দেওয়া হতে পারে।
আজ রাত থেকে শুরু করে, ১১ তারিখ অর্থাৎ প্রতিপদের সকাল পর্যন্ত, মানুষের সুবিধার্থে প্রয়োজন মনে হলে, কর্তব্যরত ট্রাফিক পুলিশ কোনও রাস্তা এবং সংযোগকারী/ফিডার রোড থেকেও যানবাহন অন্যদিকে ঘুরিয়ে দিতে পারে।
আজ পুলিশের তরফ থেকে, যে বিধিনিষেধগুলি জারি করা হয়েছে, সেগুলি ছাড়াও নিয়মিত যে ট্রাফিক আইনগুলি থাকে, সেগুলো সমস্ত গাড়িকে মেনে চলতে হবে। সেই সমস্ত নিয়মে কোনও শিথিলতা থাকবে না।
অন্যদিকে ইডেন গার্ডেন্সে মহালয়ার দিন মহাসমারোহে যে অনুষ্ঠান হওয়ার কথা, সেখানে উপস্থিত থাকার কথা ছিল, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi) এবং অমিত শাহের (Amit Shah)। তবে শেষ পাওয়া খবর অনুযায়ী, ঘোষণামাফিক অনুষ্ঠান হলেও, এদিন মোদি বা শাহ কেউই কলকাতার অনুষ্ঠানে উপস্থিত থাকবেন না।
প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রী না থাকলেও ইডেনের অনুষ্ঠানে উপস্থিত থাকবেন রাজ্যপাল আরএন রবি, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং তাঁর মন্ত্রিসভার সদস্যেরা। মুখ্যমন্ত্রীর দফতরের তরফে রাজ্যের সব মন্ত্রীকে ওই দিন অনুষ্ঠানে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

Post a Comment

Previous Post Next Post