রেজিনগরে উপনির্বাচন পর্ব মিটতেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বার্তা দিলেন আমজনতা উন্নয়ন পার্টির নেতা তথা মুর্শিদাবাদের নওদার বিধায়ক হুমায়ুন কবীর। বুধবার সমাজমাধ্যমে ছড়িয়ে একটি ভিডিয়োয় দেখা যায়, কাঁদতে কাঁদতে হুমায়ুন বলছেন, ‘রেজিনগরের সব স্তরের মানুষের কাছে আমি ক্ষমা চাইছি। আগামী দিনে রাজনীতি থেকে, সমস্ত কিছু থেকে সরে দাঁড়াব।’
মঙ্গলবার সকালে নিজে ভোট দেওয়ার পর থেকেই রিগিংয়ের অভিযোগ তুলে সরব হয়েছিলেন হুমায়ুন। দাবি করেছিলেন, তাঁর দলের এজেন্টদের অধিকাংশ বুথেই বসতে দেওয়া হচ্ছে না। পুলিশ-প্রশাসনকে কাজে লাগিয়েই ভোটলুটের চেষ্টা হচ্ছে বলে অভিযোগ তুলেছিলেন বিধায়ক। সরাসরি নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে। এ সব নিয়ে পুলিশ আধিকারিকদের সঙ্গে বচসাও বাধে হুমায়ুনের। সেই সময়েই আটক হন বিধায়ক। প্রকাশ্যে আসা ভিডিয়োয় দেখা যায়, কলার ধরে তাঁকে টানতে টানতে নিয়ে যান এক পুলিশ আধিকারিক। এই ঘটনা নিয়ে রেজিনগরে দিনভর নাটক চলেছে। প্রায় ১২ ঘণ্টা আটক ছিলেন হুমায়ুন। ভোটপর্ব মেটার পরে রাতের দিকে তাঁকে ছাড়া হয়। তার পরেই রাজনীতি থেকে সরে দাঁড়ানোর বার্তা দিতে দেখা গেল হুমায়ুনকে।