বিতর্কিত বিডিও প্রশান্ত বর্মনকে আত্মসমর্পণ করার জন্য সময় বেঁধে দিল কলকাতা হাইকোর্ট। আগামী ৪৮ ঘণ্টা সময় বেঁধে দেওয়া হয়েছে। ৮ সেপ্টেম্বর বিকেল সাড়ে ৩টের মধ্যে পুলিশের কাছে হাজির হওয়ার শেষ সুযোগ রয়েছে প্রশান্তর। প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চের নির্দেশ, এখনই তাঁর বেতন বন্ধ করতে হবে। তাঁর যাবতীয় সম্পত্তি বাজেয়াপ্ত করতে হবে। আগামী ১৪ ডিসেম্বর পরবর্তী শুনানিতে সিআইডিকে তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে হবে।
প্রশান্ত বর্মন খুনের মামলায় অভিযুক্ত এবং বিডিও পদে থেকেও কী ভাবে সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করছেন তাই নিয়ে ব্যাপক ক্ষোভ প্রকাশ করে হাইকোর্ট। তার মতো কাউকে এখন সরকার কী করে বেতন দিচ্ছে তাই নিয়েই বিস্ময় প্রকাশ করে আদালত। এরপরেই প্রধান বিচারপতি সুপ্রিম কোর্টের এক রায়ের উল্লেখ করে জানান, এমন অভিযুক্ত ফেরার থাকলে আদালত সম্পত্তি বাজেয়াপ্তের নির্দেশ দিতে পারে। সেই সূত্রেই এ দিন আদালত তার সম্পত্তি তালিকা করে বাজেয়াপ্ত করার প্রক্রিয়া শুরুর নির্দেশ দেয়।