প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগ নিয়ে বড় ঘোষণা স্কুলশিক্ষামন্ত্রী দীপক বর্মনের। দীর্ঘদিন ধরে স্থগিত হয়ে থাকা প্রাথমিক শিক্ষক নিয়োগের প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে বলে বৃহস্পতিবার জানালেন তিনি। একই সঙ্গে ওই নিয়োগপ্রক্রিয়া শেষ হলেই পরবর্তী টেট এবং তার ভিত্তিতে নতুন নিয়োগ শুরু করার আশ্বাসও দিয়েছেন মন্ত্রী। তাঁর বক্তব্য, আগামী দিনে নির্দিষ্ট ব্যবধানে টেট আয়োজন করে শিক্ষক নিয়োগের ধারাবাহিকতা বজায় রাখার চেষ্টা করবে রাজ্য।
বৃহস্পতিবার বিকাশ ভবনে সাংবাদিক বৈঠক করেন স্কুলশিক্ষামন্ত্রী। সেখানেই প্রাথমিক শিক্ষক নিয়োগ এবং টেট নিয়ে সরকারের পরিকল্পনার কথা জানান তিনি। মন্ত্রী বলেন, প্রাথমিকে যে নিয়োগপ্রক্রিয়া বর্তমানে বন্ধ রয়েছে, সেটি দ্রুত শেষ করার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেই প্রক্রিয়া সম্পূর্ণ হওয়ার পরেই পরবর্তী নিয়োগের দিকে এগোনো হবে।
এ দিন টেট আয়োজনের বিষয়েও আশ্বাস দেন দীপক। তাঁর কথায়, দুর্গাপুজো, লক্ষ্মীপুজো কিংবা সরস্বতীপুজোর মতোই প্রতি বছর টেট আয়োজন করার লক্ষ্য রয়েছে। অর্থাৎ, প্রাথমিক শিক্ষক হওয়ার যোগ্যতা অর্জনের অন্যতম গুরুত্বপূর্ণ এই পরীক্ষা যাতে দীর্ঘ সময় অন্তর না হয়, সেই ব্যবস্থাই করতে চাইছে সরকার।
উল্লেখ্য, শেষ বার প্রাথমিক স্কুলে শিক্ষক নিয়োগের জন্য টিচার্স এলিজিবিলিটি টেস্ট বা টেট হয়েছিল ২০২২ সালে। সেই পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীদের নিয়োগপ্রক্রিয়া এখনও সম্পূর্ণ হয়নি। ফলে টেট উত্তীর্ণ বহু চাকরিপ্রার্থী দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় রয়েছেন। নিয়োগ দ্রুত সম্পন্ন করার দাবিতে একাধিক সময়ে আন্দোলনও হয়েছে।
২০২২ সালের টেট উত্তীর্ণদের নিয়োগের জন্য ২০২৫ সালের ২৫ সেপ্টেম্বর বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল তৎকালীন তৃণমূল সরকার। দীর্ঘদিন ধরে চাকরিপ্রার্থীদের আন্দোলন ও দাবির পর ওই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছিল। কিন্তু বিজ্ঞপ্তি প্রকাশের পরও নিয়োগপ্রক্রিয়া কার্যত এগোয়নি। এক বছর পেরিয়ে গেলেও সেই নিয়োগ সম্পূর্ণ তো দূরের কথা, প্রক্রিয়া শুরু করা নিয়েও অনিশ্চয়তা তৈরি হয়েছিল।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার স্কুলশিক্ষামন্ত্রীর বক্তব্য তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। প্রথমে ২০২২ সালের টেট উত্তীর্ণদের নিয়োগপ্রক্রিয়া শেষ করা এবং তার পর নতুন টেট ও নিয়োগের পথে হাঁটার কথা জানিয়েছেন তিনি। ফলে দীর্ঘদিন ধরে নিয়োগের অপেক্ষায় থাকা প্রার্থীদের পাশাপাশি আগামী দিনে শিক্ষকতার জন্য প্রস্তুতি নেওয়া চাকরিপ্রার্থীদের মধ্যেও নতুন করে আশার সঞ্চার হতে পারে।
তবে স্থগিত থাকা নিয়োগপ্রক্রিয়া ঠিক কবে শেষ হবে এবং পরবর্তী টেটের দিনক্ষণ কবে ঘোষণা করা হবে, তা এখনও স্পষ্ট করেননি মন্ত্রী। ফলে সরকারের ঘোষণার পর এখন বাস্তবে কত দ্রুত নিয়োগপ্রক্রিয়া এগোয় এবং নতুন টেট কবে অনুষ্ঠিত হয়, সেদিকেই নজর চাকরিপ্রার্থীদের।