মেসি-ম্যাচে বঞ্চিত দর্শকদের জন্য বড় উপহার দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। গত ডিসেম্বরে মেসির ম্যাচের জন্য যাঁরা অনলাইনে টিকিট কেটেছিলেন, তাঁদেরই এই টিকিট দেওয়া হবে বলে জানান তিনি। ৬ অক্টোবর যুবভারতী ক্রীড়াঙ্গনে ভারত-উরুগুয়ে ম্যাচে ২২ হাজার টিকিট বিনামূল্যে দেওয়ার কথা ঘোষণা করা হয়েছে ভারত-ব্রাজিল ম্যাচ শেষে। প্রশ্ন ছিল, ভারত-উরুগুয়ে ম্যাচের পাস কোথা থেকে পাবেন দর্শকরা? অবশেষে সেই উত্তর জানা গেল ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ-র পোস্টে।
ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ ওই পোস্টে জানিয়েছেন, গত বছর ১৩ ডিসেম্বর কলকাতায় মেসির ‘গোট’ সফরের জন্য যাঁরা টিকিট কিনেছিলেন, তাঁদেরই ভারত-উরুগুয়ে ম্যাচের জন্য বিনামূল্যে পাস দেওয়া হবে। এই কমপ্লিমেন্টারি পাস সংগ্রহ করা যাবে ৫ অক্টোবর সকাল ১১টা থেকে বিকেল ৫টার মধ্যে। পাস নিতে গেলে সঙ্গে রাখতে হবে সরকারের দেওয়া বৈধ ফটো পরিচয়পত্র (ভোটার কার্ড, আধার কার্ড, ড্রাইভিং লাইসেন্স অথবা পাসপোর্ট)। একই সঙ্গে দেখাতে হবে গত ডিসেম্বরে মেসির অনুষ্ঠানের জন্য কেনা আসল টিকিটটিও।
গত বছরের ডিসেম্বরে মেসিকে নিয়ে আয়োজিত অনুষ্ঠানে যুবভারতীতে চরম বিশৃঙ্খলা তৈরি হয়েছিল। ভিড়, ধাক্কাধাক্কির মধ্যে পড়ে মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয়েছিল এলএম১০-কে। মোটা টাকা দিয়ে টিকিট কেটেও বহু দর্শক তাঁকে দেখতে না পেয়ে হতাশ হয়ে ফিরেছিলেন। সেই সময় ক্ষতিপূরণের কথা বলা হলেও তা নিয়ে বিতর্ক থেকেই গিয়েছিল। এবার সেই দর্শকদেরই উরুগুয়ের বিরুদ্ধে ভারতের ম্যাচ দেখার সুযোগ করে দেওয়ার ঘোষণা করা হল।
পাস সংগ্রহের জন্য নির্দিষ্ট করা হয়েছে মোহিত মৈত্র মঞ্চ, মিলন মঞ্জরী কমিউনিটি হল, অভয়ন কমিউনিটি হল, উদযাপন কমিউনিটি হল, শুভনন্দন কমিউনিটি হল এবং বিবেকানন্দ যুবভারতী ক্রীড়াঙ্গনের গেট নম্বর ২ ও ৩এ। এছাড়াও বিধাননগর পুরসভা স্পোর্টস কমপ্লেক্স এবং রাজারহাট-গোপালপুর সুইমিং পুল থেকেও পাস সংগ্রহ করা যাবে। অন্যদিকে, ভারত-উরুগুয়ে ম্যাচের জন্য C2 Left এবং C2 Right-এর টিকিটের দাম ধার্য করা হয়েছে ১৯৯ টাকা।