টালায় পাইপ ফেটে বিপত্তি, উত্তর কলকাতার একাধিক এলাকা জলে ভাসছে



কালীপুজোর পরের দিন সকালে খাস কলকাতায় বিপত্তি। সোমবার টালার জলের পাইপ ফেটে জলমগ্ন বিস্তীর্ণ এলাকা। বন্ধ চক্ররেল পরিষেবা। বনমালী সরকার স্ট্রিট জলমগ্ন, হাঁটুজল লাগোয়া এলাকাতেও। বেশ কিছু এলাকায় বন্ধ বিদ্যুৎ পরিষেবা। এলাকা সূত্রে খবর, টালা সংলগ্ন রেললাইনের নীচে থাকা ৭২ ইঞ্চির জলের পাইপলাইন ফেটে যায়। তাতেই জলমগ্ন হয়ে পড়ে উত্তর এলাকার একাধিক এলাকা। বনমালী সরকার স্ট্রিট, বিধান সরণির একাংশ, হাটখোলা-সহ লাগোয়া বেশ কিছু এলাকায় রাস্তায় জল জমে যায়।
এই এলাকা আগে ৫ নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ত। এখন পড়ে ৯ নম্বর ওয়ার্ডের মধ্যে। এলাকা সূত্রে খবর, এ দিন সকাল সাড়ে ৮টা নাগাদ টালা রেল ইয়ার্ডের ভিতরে এই ঘটনা ঘটে। পুরোনো ব্রিটিশ আমলের এই পাইপলাইনের মাধ্যমে টালা জলাধার থেকে শহরের বিভিন্ন প্রান্তে জল সরবরাহ করা হয়। এটি অন্যতম গুরুত্বপূর্ণ ডিস্ট্রিবিউশন পাইপলাইন।

এক নজরে

  • কালীপুজোর পরের দিন সোমবার সকালে উত্তর কলকাতায় টালার ডিস্ট্রিবিউশন পাইপ ফেটে বিপত্তি।

  • পাইপ ফেটে প্রবল বেগে জল বের হতে থাকায় বনমালী সরকার স্ট্রিট এবং তার আশেপাশের এলাকায় জল জমে যায়।

  • জল জমে রেল ট্র্যাকেও। উত্তর কলকাতার সঙ্গে সংযোগকারী চক্ররেল সাময়িক ভাবে বন্ধ করে দেওয়া হয়।

  • সপ্তাহের প্রথম কাজের দিনে সকাল সকাল জলজট ও ট্রেন বন্ধ থাকার কারণে চরম সমস্যায় পড়েন সাধারণ মানুষ।

  • খবর পেয়েই পুরসভা ও সংশ্লিষ্ট দপ্তরের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে পাইপলাইনের জল সরবরাহ বন্ধ করে দ্রুত মেরামতের কাজ শুরু করেছেন।

ছবিতে দেখা যাচ্ছে টালার পাইপ ফেটে জলমগ্ন এলাকা। পাইপলাইন ফেটে যাওয়ার জেরে এলাকায় জল ঢুকে পড়ায় নিরাপত্তার স্বার্থে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। বন্ধ রাখা হয় জল সরবরাহও। এ দিকে উৎসবের সকালে এমন অপ্রত্যাশিত পরিস্থিতিতে বিপাকে পড়েন এলাকার লোকজনও। খবর পেয়ে তড়িঘড়ি এসে পৌঁছন পুর আধিকারিকরা। পুরসভার তরফে দাবি, যে হেতু একাধিক ডিস্ট্রিবিউশন পাইপলাইন রয়েছে, তাই এই ঘটনার জন্য জল সরবরাহে খুব একটা সমস্যা হবে না।

Post a Comment

Previous Post Next Post