অবশেষে উত্তুরে হাওয়া রাজ্যে, তবে কি জাঁকিয়ে শীত নাকি ফের কাঁটা ঘূর্ণিঝড়?


অবশেষে রাজ্য জুড়ে ফিরেছে শুষ্ক ও মনোরম পরিবেশ। ধীরে ধীরে নামছে রাতের তাপমাত্রাও। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, আগামী অন্তত ৫ দিন রাজ্যে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। মঙ্গলবার থেকে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে। তবে বিকেল গড়াতেই বইতে শুরু করবে ঠান্ডা উত্তুরে হাওয়া।

আজ কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

মঙ্গলবার সকাল থেকেই রোদ ঝলমলে আকাশ শহর কলকাতায়। আবহাওয়া দপ্তর জানিয়েছে, মোটের উপর পরিষ্কার থাকবে শহরের আকাশ। আপাতত বৃষ্টিরও কোনও সম্ভাবনা নেই। তবে কমতে পারে তাপমাত্রা। মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.২ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩.৯ ডিগ্রি সেলসিয়াস বেশি। সর্বোচ্চ তাপমাত্রা ২৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.৮ ডিগ্রি সেলসিয়াস কম। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিন কয়েকের মধ্যেই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৭ ডিগ্রির ঘরে নেমে আসার সম্ভাবনা প্রবল।

দক্ষিণবঙ্গের জেলায় কি আজ বৃষ্টি হবে?

শুধুমাত্র কলকাতা নয়, দক্ষিণবঙ্গের জেলাতেও বেশ মনোরম আবহাওয়া। আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গেও। গাঙ্গেয় বঙ্গে ইতিমধ্যে বেশ শীত-শীত ভাব অনুভূত হচ্ছে। আপাতত এমন পরিবেশই বজায় থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

উত্তরবঙ্গের পরিস্থিতি কেমন?

ইতিমধ্যেই ঠান্ডা পড়তে শুরু করেছে উত্তরের পার্বত্য এলাকায়। দার্জিলিং, কালিম্পং-সহ পার্বত্য অঞ্চলে এখনই সর্বনিম্ন তাপমাত্রা ১০ থেকে ১৩ ডিগ্রির ঘরে। আবহাওয়া দপ্তর জানিয়েছে, দিন কয়েকের মধ্যেই রাতের তাপমাত্রা আরও ৫ থেকে ৭ ডিগ্রির ঘরে নামতে পারে উত্তরের পার্বত্য এলাকায়।

Post a Comment

Previous Post Next Post