সোজা মাথা টিপ করে গুলি! মোবাইল গেম দেখেই ঈশিতাকে খুনের প্ল্যান দেশরাজের


কৃষ্ণনগর: কৃষ্ণনগরের তরুণী ঈশিতা মল্লিককে সোজা মাথায় গুলি করে দিনেদুপুরে হত্যার ঘটনার তদন্তে উঠে এল ‘ফ্রি ফায়ার’ নামের এক মোবাইল গেমের কথা। ওই গেমে রীতিমতো আসক্ত ছিল ঈশিতা খুনে অভিযুক্ত, উত্তরপ্রদেশের নেপাল সীমান্ত থেকে গ্রেপ্তার দেশরাজ সিং। এতটাই যে, সারাক্ষণই একটি ভার্চুয়াল বিশ্বে বিচরণ করত সে। গেমে দেখানো হয়েছে, সোজা মাথা নিশানা করে গুলি চালাতে হবে। তাতে বাড়বে পয়েন্ট। যে করেই হোক মারতে হবে প্রতিপক্ষকে। ওই গেমের দৃশ্য তার মাথায় এমন ভাবে গেঁথে গিয়েছিল যে, হাতে মারাত্মক পিস্তল এসে যাওয়ার পরও কল্পনা আর বাস্তবের পার্থক‌্য করতে পারেনি দেশরাজ। তাই অনেকটা গেমের প্রতিপক্ষের মতোই ঈশিতার মাথায় পর পর তিনটি গুলি চালাতে একটুও হাত কাঁপেনি তার। তাকে জেরা করে এই চাঞ্চল‌্যকর তথ‌্য পেয়েছে পুলিশ। এও জেনেছে যে, শুধু তাই নয়, ভার্চুয়াল গেমেও সে রক্ত দেখতে অভ‌্যস্ত ছিল। তাই এত রক্ত দেখেও ঘাবড়ায়নি সে। পুলিশ জেনেছে, দেশরাজের ব‌্যবহার এতটাই রূঢ় ছিল যে, তার বন্ধু ও বান্ধবী অনেকেই তা পছন্দ করত না। যখন সে প্রেমের প্রস্তাব দেয়, তখন ঈশিতা বুঝিয়েছিল যে, ঠাকুর পরিবারের সঙ্গে মানিয়েও নিতে পারবে না। কিন্তু রূঢ় স্বভাবের দেশরাজ প্রত‌্যাখান মেনে নিতে না পারার কারণেই সাত মাস আগে থেকে ঈশিতাকে খুনের ছক কষে বলে জানিয়েছে পুলিশ।
এই ব‌্যাপারে কৃষ্ণনগর জেলার পুলিশ সুপার অমরনাথ কে জানান, ১৩ বা ১৪ বছর বয়সি ছাত্রদের লকডাউনের জন্য স্কুলে যেতে হয়নি। সামাজিক সম্পর্ক থেকে অনেকটাই দূরে সরে যায় তারা। তাদের অনেকেই মোবাইল গেমে আসক্ত হয়ে পড়ে। দেশরাজও ফ্রি ফায়ার গেমে আসক্ত ছিল। কলেজে ওঠার পরও তার অত‌্যন্ত হিংসাত্মক এই গেমের আসক্তি কা়টেনি। গেমের হিংসা তার কাছে মামুলি ব্যাপার হয়ে পড়েছিল। তাই সোশ‌্যাল মিডিয়া, মোবাইল গেম যে সবসময় ভাল নয়, তা কী কী ক্ষতি করতে পারে, সে ব‌্যাপারে জেলা পুলিশের পক্ষ থেকে স্কুল ও কলেজের ছাত্র-ছাত্রীদের বোঝানো হবে। প্রয়োজনে তাদের কাউন্সেলিংয়েরও ব‌্যবস্থা করা হতে পারে।

Post a Comment

Previous Post Next Post