দ্বিতীয় হুগলি সেতুর মেরামতির জন্য আগামী ১৭ মে রবিবার সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত সম্পূর্ণভাবে বন্ধ রাখা হবে দ্বিতীয় হুগলি সেতু। হুগলি রিভার ব্রিজ কমিশনার্স কর্তৃপক্ষের উদ্যোগে সেতুর স্টে কেবল, হোল্ডিং ক্লাউন কেবল এবং বেয়ারিং বদলের মতো গুরুত্বপূর্ণ রক্ষণাবেক্ষণের কাজ করা হবে। জনসাধারণের নিরাপত্তা ও যান চলাচলের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।পুলিশের বিজ্ঞপ্তি অনুযায়ী, ১৭ মে সকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত বিদ্যাসাগর সেতু এবং তার সমস্ত র্যাাম্প দিয়ে কোনও ধরনের যানবাহন চলাচল করতে পারবে না। এই সময় কলকাতা ও হাওড়ার মধ্যে যান চলাচলের জন্য বিকল্প রাস্তা ব্যবহার করতে হবে।ট্রাফিক পুলিশের তরফে জানানো হয়েছে, এজেসি বোস রোড ধরে জিরাট আইল্যান্ড দিক থেকে আসা পশ্চিমমুখী সমস্ত গাড়িকে টার্ফ ভিউ থেকে ডাইভার্ট করা হবে। সেখান থেকে গাড়িগুলিকে হেস্টিংস মোড় হয়ে সেন্ট জর্জেস গেট রোড, স্ট্র্যান্ড রোড এবং হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে। এছাড়া হেস্টিংস ক্রসিং থেকে ডানদিকে ঘুরে কেপি রোড ব্যবহার করারও সুযোগ থাকবে।আবার, জে অ্যান্ড এন আইল্যান্ড দিক থেকে কেপি রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পশ্চিমমুখী যানবাহনগুলিকে ১১ ফারলং গেট থেকে ঘুরিয়ে দেওয়া হবে। সেখান থেকে হেস্টিংস ক্রসিং হয়ে সেন্ট জর্জেস গেট রোড এবং স্ট্র্যান্ড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজের দিকে যেতে হবে।
খিদিরপুর দিক থেকে সিজিআর রোড ধরে বিদ্যাসাগর সেতুর দিকে আসা পূর্বমুখী যানবাহনগুলিকেও হেস্টিংস ক্রসিং থেকে বাঁদিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেই গাড়িগুলিকে সেন্ট জর্জেস গেট রোড ও স্ট্র্যান্ড রোড হয়ে হাওড়া ব্রিজ ব্যবহার করতে হবে।
এছাড়াও, ওয়াই-পয়েন্ট থেকে বিদ্যাসাগর সেতুর র্যাটম্প ব্যবহার করতে আসা সমস্ত গাড়িকে কেপি রোডের দিকে ঘুরিয়ে দেওয়া হবে। সেই যানবাহনগুলি ১১ ফারলং গেট হয়ে কেপি রোড এবং রেড রোড ব্যবহার করে হাওড়া ব্রিজের দিকে যেতে পারবে।
কলকাতা ট্রাফিক পুলিশ আরও জানিয়েছে, পরিস্থিতি অনুযায়ী শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ আর্টেরিয়াল রোড দিয়েও যানবাহন ঘুরিয়ে দেওয়া হতে পারে। ফলে যাত্রীদের আগে থেকেই বিকল্প রুট পরিকল্পনা করে বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে।
প্রশাসনের পক্ষ থেকে সাধারণ মানুষকে অযথা যানজট এড়াতে গণপরিবহণ ব্যবহার করার অনুরোধ জানানো হয়েছে। বিশেষ করে অফিসযাত্রী ও দূরপাল্লার যানবাহনের চালকদের সময় হাতে নিয়ে রওনা দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।