নিজেদের শাসক ভাবতে শুরু করলেই বিপদ, মত শমীকের


বিজেপি এখন রাজ্যের শাসক দল। তবে নিজেদের শাসক ভাবতে চান না রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। তাঁর মতে, সাধারণ মানুষের যদি একবার মনে হয়, বিজেপি পশ্চিমবঙ্গ শাসন করতে এসেছে, তা হলে সে দিনই এ রাজ্যে পদ্মের রাজনৈতিক ভবিষ্যত শেষ হয়ে যাবে। শুক্রবার দীনদয়াল উপাধ্যায়ের জন্ম–জয়ন্তী উপলক্ষে সল্টলেকে রাজ্য বিজেপি দপ্তরে এক ঘরোয়া অনুষ্ঠানে এ ভাবেই নিজের দলের নেতা–কর্মীদের তিনি সতর্ক করেছেন।
বিজেপি ক্ষমতায় আসার পরে চারমাস কেটেছে। এর মধ্যেই বহু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। ব্যতিক্রমী ঘটনা হলেও দলের কিছু নেতা এবং বিধায়কের কার্যকলাপ নিয়ে সমালোচনাও শুরু হয়েছে। দলের বিভিন্ন রুদ্ধদ্বার বৈঠকে তা নিয়ে সবাইকে সতর্ক করেছেন শমীক। এমনকী, যে বিধায়করা বিপথে চলছেন, তাঁদের পার্টি থেকে সাসপেন্ড করার হুঁশিয়ারিও দলীয় বৈঠকে দিয়েছেন বিজেপির রাজ্য সভাপতি। শুক্রবার রাজ্য বিজেপি দপ্তরে দী‍নদয়াল উপাধ্যায়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে শমীক বলেন, ‘আমাদের শরীরী ভাষা, শব্দচয়ন, ঔদ্ধত্য যদি কোনও ভাবে মানুষকে এটা বোঝাতে সাহায্য করে যে আমরা জনসেবা করতে আসিনি, শাসন করতে এসেছি, তা হলে মানুষ আমাদের প্রত্যাখ্যান করবে।’ তাঁর সংযোজন, ‘আমরা জনবিচ্ছি‍ন্ন হয়ে যাব। আমাদের রাজনৈতিক ভবিষ্যত শেষ হয়ে যাবে। দী‍নদয়ালজির সহজ–সরল জীবনযাপন যেন আমাদের আদর্শ হয়।’

এর আগে শুক্রবার সকালে উত্তর ২৪ পরগনার পানিহাটিতে একটি অনুষ্ঠানে যোগ দেন শমীক। সেখানে তিনি জানান, রাজ্য সরকারের কাছে বিজেপির তরফে বেশ কয়েকটি ফুটবল অ্যাকাডেমি তৈরির আর্জি জানানো হয়েছে। এ প্রসঙ্গে বিজেপি রাজ্য সভাপতি বলেন, ‘ফুটবল লড়াই করতে শেখায়। ফুটবল বিপরীত পরিস্থিতিতে থেকে সম্ভাবনার স্বপ্ন দেখায়। আমাদের দলের তরফ থেকে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে অনুরোধ করেছি ফুটবল অ্যাকাডেমি তৈরির বিষয়টি ভেবে দেখার জন্য।’ আগামী এক বছরের মধ্যে রাজ্যে দুটি ফুটবল অ্যাকাডেমি তৈরি করতে চাইছেন শমীক।


Post a Comment

Previous Post Next Post