ধর্মঘটের দিনগুলিতে লাগবে না চার্জ! গ্রাহকদের সুবিধায় বড় ঘোষণা স্টেট ব্যাঙ্কের



বড় স্বস্তি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার (SBI) গ্রাহকদের। আগামী ২৮ থেকে ৩০ সেপ্টেম্বর তিনদিনের ব্যাঙ্ক ধর্মঘটের ( Bank Strike) ডাক দিয়েছে একাধিক ইউনিয়ন। সেই সময়ে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া তাদের গ্রাহকদের জন্য এটিএম লেনদেনের চার্জ সম্পূর্ণ মকুব করার কথা ঘোষণা করেছে।
ফলে ধর্মঘট চলাকালীন এসবিআই গ্রাহকরা যে কোনও ব্যাঙ্কের এটিএম থেকে সম্পূর্ণ বিনামূল্যে এবং অতিরিক্ত কোনও ফি-এর চিন্তা ছাড়াই নগদ টাকা তুলতে পারবেন। লেনদেন করলে সাধারণত প্রযোজ্য মাসিক ফ্রি লিমিটের অতিরিক্ত চার্জ গুনতে হবে না। শাখাগুলির পরিষেবা বিঘ্নিত হলেও ইউপিআই, ইন্টারনেট ব্যাঙ্কিং, মোবাইল ব্যাঙ্কিং এবং YONO অ্যাপের মাধ্যমে সাধারণ ডিজিটাল লেনদেন সম্পূর্ণ স্বাভাবিক থাকবে। শাখা সম্পর্কিত কোনও জরুরি কাজ যেমন চেক জমা, ডিমান্ড ড্রাফট বা ঋণ সম্পর্কিত কাজ থাকলে তা ধর্মঘটের আগেই সেরে নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে গ্রাহকদের।
সপ্তাহে দু’দিন ছুটির দাবি। সোমবার থেকে ৩ দিনের ব্যাঙ্ক ধর্মঘটের সিদ্ধান্ত নিয়েছে ব্যাঙ্ক কর্মী ইউনিয়নের যৌথ মঞ্চ। যার ফলে মাসের শেষে টানা পাঁচদিন ব্যাঙ্কের পরিষেবা বিঘ্নিত হওয়ার একটা সম্ভাবনা তৈরি হয়েছিল। সেটার পালটা রবিবার ব্যাঙ্ক খুলে রাখার নির্দেশ দিয়েছে কেন্দ্র। সেইমতো রবিবার খোলা থাকবে সব রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক। তবে, ধর্মঘটের দিনগুলিও যাতে গ্রাহকদের সমস্যা না হয় সেটা নিশ্চিত করতে চাইছে এসবিআই।
দীর্ঘদিন ধরেই সপ্তাহে দু’দিন ছুটির দাবিতে ব্যাঙ্ক ইউনিয়নগুলির আন্দোলন চলছে। এর আগে গত ১১ সেপ্টেম্বর একদিনের দেশব্যাপী ধর্মঘট পালন করেছিলেন ব্যাঙ্ককর্মীরা। সেই দাবিতেই ২৮ সেপ্টেম্বর থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত টানা তিনদিন ধর্মঘট ঘোষণা করেছে ব্যাঙ্ক কর্মীদের সংগঠনগুলি। এই পরিস্থিতি হলে উৎসবের মরশুমে চরম সমস্যায় পড়তে পারে আমজনতা। ছোট ব্যবসায়ীরাও সমস্যার সম্মুখীন হতে পারেন। তাই এসবিআইয়ের বিশেষ ব্যবস্থা।

Post a Comment

Previous Post Next Post