নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধানের জামিনের আবেদন খারিজ করে দিল কাঁথি আদালত। আগামী ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে তাঁকে। ফলে ৬ অক্টোবর নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনের ভোটগ্রহণের দিনও জেলেই থাকতে হবে কংগ্রেস প্রার্থীকে।
আগামী ৬ অক্টোবর নন্দীগ্রামে উপনির্বাচন। তার আগে অবশ্য কিছুটা স্বস্তি পেয়েছিলেন জেলবন্দি কংগ্রেস প্রার্থী। যে মামলায় তাঁকে গ্রেফতার করা হয়েছে, সেটি বাদ দিয়ে তাঁর বিরুদ্ধে থাকা বাকি মামলাগুলি প্রত্যাহার করে নিয়েছে রাজ্য। মঙ্গলবার কলকাতা হাই কোর্টে এমনটাই জানিয়েছিল রাজ্য সরকার।
এর পরই জামিনের আবেদন নিয়ে আদালতের দ্বারস্থ হন মিলন। বুধবার বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে তাঁর আইনজীবী জামিনের আবেদন জানান। পাশাপাশি দ্রুত শুনানিরও আর্জি জানানো হয়। কিন্তু সেই আবেদন খারিজ করে দেয় আদালত।
ফলে ভোটের আগে জেলমুক্তি হচ্ছে না নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থীর। আদালতের নির্দেশ অনুযায়ী, ৭ অক্টোবর পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে মিলন প্রধানকে। অর্থাৎ ৬ অক্টোবর ভোটের দিনও জেলবন্দি অবস্থাতেই লড়তে হবে তাঁকে।