গত কয়েকদিনে বর্ধমান-সহ রাজ্যের বিভিন্নপ্রান্তে একাধিক ভুয়ো চিকিৎসককে গ্রেপ্তার করা হয়েছে। প্রশ্নের মুখে স্বাস্থ্য পরিষেবা। এই পরিস্থিতিতে বেসরকারি হাসপাতাল, নার্সিংহোমগুলিতে ভুয়ো চিকিৎসক ধরতে এবার আরও কড়া পদক্ষেপ করতে চলেছে শুভেন্দু অধিকারীর সরকার। জারি করা হল একাধিক নির্দেশিকা। যেখানে স্পষ্ট বলা হয়েছে, আগে চিকিৎসকদের রাজ্য মেডিক্যাল কাউন্সিলে নাম এবং রেজিস্ট্রেশন যাচাই করতে হবে। এরপরেই নিয়োগ করা যাবে। যোগ্যতা নিয়ে কোথাও কোনও সন্দেহ তৈরি হলে দ্রুত তথ্য যাচাইয়ের কথা বলা হয়েছে। সম্প্রতি ভুয়ো চিকিৎসক সংক্রান্ত একটি মামলায় এই বিষয়ে কী কী পদক্ষেপ রাজ্য সরকার করেছে, তা জানতে চেয়েছিল কলকাতা হাই কোর্ট। এরপরেই এহেন কড়া নির্দেশিকা জারি করা হল স্বাস্থ্য দপ্তরের তরফে। শুধু তাই নয়, সমস্ত হাসপাতালগুলির কাছেও বিস্তারিত রিপোর্ট তলব করা হয়েছে বলে জানা গিয়েছে।
স্বাস্থ্যদপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা অধিকর্তা স্বপন সোরেনের স্বাক্ষর রয়েছে। বেসরকারি হাসপাতাল এবং নার্সিংহোমে ভুয়ো চিকিৎসক ধরতে মূলত ৪টি নির্দেশিকা দেওয়া হয়েছে। যেখানেই প্রথমেই বলা হয়েছে বেসরকারি নার্সিংহোম কিংবা হাসপাতালে চিকিৎসক নিয়োগের ক্ষেত্রে রেজিস্ট্রেশন যাচাই করতে হবে। এক্ষেত্রে ২০১৭ সালের ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাব্লিশমেন্ট (রেজিস্ট্রেশন, রেগুলেশন অ্যান্ড ট্রান্সপারেন্সি) রুলসের ৭(৪) নম্বর বিধি অনুযায়ী বিষয়টি খতিয়ে দেখার কথা বলা হয়েছে। পাশাপাশি যে সমস্ত সংস্থা চিকিৎসকদের লাইসেন্স দেয়, তাদের সতর্ক থাকার কথা বলা হয়েছে। অনেক ক্ষেত্রেই দেখা যায় বৈধ রেজিস্ট্রেশন ছাড়া অনেকই নিজেদের চিকিৎসক বলে দাবি করেন। এবং বিভিন্ন জায়গায় প্র্যাকটিস করেন। সেদিকে যাতে কড়া নজর রাখা হয়, তা স্বাস্থ্যদপ্তরের তরফে জারি করা নির্দেশিকায় স্পষ্ট জানানো হয়েছে।