কালী পুজোর আগেই রাজ্যে পুর ভোটের বিজ্ঞপ্তি?



কালীপুজোর আগেই রাজ্যের দুই পুরনিগম ও ছ’টি পুরসভার ভোটের বিজ্ঞপ্তি জারি হতে চলেছে। সূত্রের দাবি, রাজ্যের সম্মতি পেলে কমিশন ভোট করতে চায় ২৮ নভেম্বর। বুধবার রাজ্য নির্বাচন কমিশনার কৃষ্ণ গুপ্তা ভোটের প্রস্তুতি নিয়ে রাজ্যের মুখ্যসচিব মনোজ আগরওয়াল ও স্বরাষ্ট্রসচিব সঙ্ঘমিত্রা ঘোষ, পুর ও নগরোন্নয়ন দপ্তরের সচিব খলিল আহমেদের সঙ্গে বৈঠক করেন।
কলকাতা ও হাওড়া পুরনিগমের সঙ্গে ভোট হওয়ার কথা বালি, হলদিয়া, ঝাড়গ্রাম, ধূপগুড়ি, কালিম্পং ও দার্জিলিং পুরসভায়। বৈঠকে পুরভোটের দিনক্ষণ নিয়ে রাজ্যের চূড়ান্ত মতামত চেয়েছে কমিশন।

সূত্রের খবর, কৃষ্ণ গুপ্তা বৈঠকে রাজ্যকে জানিয়েছেন, ভোটের জন্য তাঁরা প্রস্তুত। রাজ্য চাইলে ২৭ অক্টোবর বা তারপরে ভোটের বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে। তা হলে ভোট হতে পারে ২৮ নভেম্বর বা তারপরে যে কোনও দিন। কারণ, আইনমাফিক নির্বাচনী কেন্দ্রের সংরক্ষণের চূড়ান্ত তালিকা প্রকাশের সাত সপ্তাহ বা ৪৯ দিন পরে ভোটের বিজ্ঞপ্তি দেওয়া যায়।

এই ব্যাপারে রাজ্য সরকারকে প্রথমে সিদ্ধান্ত জানাতে হবে। যা পরে কমিশন কার্যকর করবে। বৈঠক স্থির হয়েছে, ভোটের নিরাপত্তায় পুলিশ মোতায়েন নিয়ে রাজ্য পুলিশের ডিজি ও এডিজি (আইন–শৃঙ্খলা) জেলা পুলিশের সঙ্গে আলোচনা করে রূপরেখা তৈরি করবেন। অতীতের ঘটনার ভিত্তিতে স্পর্শকাতর এলাকা চিহ্নিত করে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হবে। কোন পুরসভায় কত স্পর্শকাতর এলাকা রয়েছে, তার ভিত্তিতেই তৈরি হবে নিরাপত্তার নকশা। পুরভোটে কত সংখ্যক পুলিশ পাওয়া যাবে, তা নিয়েও এ দিনের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

এ দিনের বৈঠকে বুথ ও গণনাকেন্দ্রর নিরাপত্তা নিয়েও আলোচনা হয়। এই ভোটে প্রায় ৬৫০০ বুথ থাকবে। সোমবারের মধ্যে জাতীয় নির্বাচন কমিশন এই পুরসভাগুলির ভোটার তালিকা রাজ্য নির্বাচন কমিশনের হাতে তুলে দেবে। পুরভোটের জন্য প্রাথমিক হিসেবে ৩৮ হাজার ভোটকর্মী দরকার। ইতিমধ্যেই জাতীয় নির্বাচন কমিশন ২১ হাজার ইভিএম পাঠিয়েছে এই ভোটের জন্য।


Post a Comment

Previous Post Next Post