‘১০ মার্চ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়’, নন্দীগ্রাম থেকেও মমতাকে পা ভাঙা নিয়ে খোঁচা শুভেন্দুর!



২০২১ সালের বিধানসভা নির্বাচনে নন্দীগ্রামে মমতা বন্দ্যোপাধ্যায়ের পা ভাঙার ঘটনা নিয়ে রাজনৈতিক মহলে জোর আলোড়ন ছড়িয়েছিল। পাঁচ বছর পর রাজ্যের বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দাবি করেছেন, ওই রটনা আসলে মিথ্যা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতার পা মোটেই সেসময় ভাঙেনি। শনিবার সকালে নবান্ন থেকে সাংবাদিক বৈঠকে বাঙ্গুর ইনস্টিটিউট অফ নিউরো সায়েন্সেসের রিপোর্ট প্রমাণ হিসেবে তুলেও ধরা হয়। “মার্চের ১০ তারিখ পশ্চিমবঙ্গ মিথ্যা দিবস পালন করলে কেমন হয়?” এদিন নন্দীগ্রামের প্রচার থেকেও ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী।
আজ, রবিবার নন্দীগ্রামে উপনির্বাচনের শেষপ্রচার। আগামী ৬ তারিখ উপনির্বাচন। রবিবাসরীয় সকাল থেকে বিজেপি প্রার্থী হাসিরানি রথের হয়ে প্রচারে নেমে পড়েছেন স্বয়ং মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। নন্দীগ্রাম ১ ব্লকের টেঙ্গুয়া থেকে থানা মোড় পর্যন্ত মিছিল হয়। হাজার পাঁচ-ছয় মানুষ মিছিলে সমবেত হয়েছেন বলে বিজেপি নেতৃত্ব দাবি করেছেন। মিছিলের সামনেই হেঁটেছেন শুভেন্দু। সেখানেই জয়ের বিষয়ে আশাবাদী শুভেন্দু ফের মমতাকে কটাক্ষ করেছেন।
২০২১ সালের ১০ মার্চ ভোটের প্রচারে গিয়ে তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পায়ে আঘাত পেয়েছিলেন। তাঁর উপর বিজেপি নন্দীগ্রামে হামলা চালিয়েছে বলে অভিযোগ করা হয়েছিল। মুখ্যমন্ত্রীর পা ঘটনায় ভেঙে যায়, সেই দাবিও করা হয়েছিল। পায়ে প্লাস্টার করে হুইল চেয়ারে বসে মমতা ভোটের প্রচার করেছিলেন। ‘ভাঙা পায়েই খেলা হবে’, সেই স্লোগানও উঠেছিল বঙ্গ রাজনীতিতে।
কিন্তু সেদিনের ঘটনাকে এবার মিথ্যা বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শুধু তাই নয়, উপনির্বাচন মিটলেই ওই ঘটনার তদন্ত হবে। সেই কথাও মুখ্যমন্ত্রী নবান্ন থেকে ঘোষণা করেছেন। এদিন মিছিল থেকে সেই প্রসঙ্গেই খোঁচা দিয়েছেন মুখ্যমন্ত্রী। মার্চের ১০ তারিখ ‘পশ্চিমবঙ্গ মিথ্যা দিবস’ পালন করলে কেমন হয়? সেই প্রশ্ন ছুড়ে দিয়েছেন শুভেন্দু। নন্দীগ্রামে জয়ের ব্যাপারে আগাগোড়া প্রত্যয়ী মুখ্যমন্ত্রী। এদিন তিনি বলেন, “যত বেশি ভোট পড়বে, তত জয়ের ব্যবধান বাড়বে। নন্দীগ্রামে ৭২ হাজার সংখ্যালঘু রয়েছে। হাজারের বেশি সংখ্যালঘু মানুষ এদিনও মিছিলে হাঁটছেন।” সংখ্যালঘুরা এবার নন্দীগ্রামে বিজেপিকেই সমর্থন করবেন। এমনই আশা করছেন তিনি।

Post a Comment

Previous Post Next Post