‘ছোটখাটো ভুল হয়েই থাকে’, ব্রাজিলের বিরুদ্ধে জঘন্য পারফরম্যান্স, গুরপ্রীত দোষ দিলেন ভাগ্যকে!


দেশের জার্সিতে ৯০টি আন্তর্জাতিক ম্যাচ খেলা গোলরক্ষক তিনি। ভারতের অধিনায়কও। ফলে ব্রাজিলের মতো বিশ্ব ফুটবলের অন্যতম শক্তিশালী দলের বিরুদ্ধে গুরপ্রীত সিং সান্ধুর কাছ থেকে আরও দায়িত্বশীল এবং সতর্ক পারফরম্যান্সই প্রত্যাশিত ছিল। কিন্তু যুবভারতীতে শনিবার সেই প্রত্যাশার ধারেকাছেও দেখা গেল না তাঁকে। বরং ম্যাচজুড়ে একের পর এক ভুল করে ভারতের বিপর্যয় আরও বাড়িয়ে দেন তিনি। ম্যাচ শেষে অবশ্য নিজের পারফরম্যান্সের জন্য খুব একটা দায় নিতে দেখা গেল না ভারতীয় গোলরক্ষককে। তাঁর বক্তব্য, ফুটবলে এমন ছোটখাটো ভুল হতেই পারে।
ব্রাজিলের বিরুদ্ধে শুরু থেকেই চাপে ছিল ভারত। তবে প্রথমার্ধে দুই গোল হজম করার ক্ষেত্রে গুরপ্রীতের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠেছে। ২৭ মিনিটে এস্তেভাওয়ের শট থেকেই প্রথম গোলটি আসে। ব্রাজিলীয় তারকার নেওয়া শটটি খুব একটা জোরালোও ছিল না। কিন্তু বল আটকাতে গিয়ে গুরপ্রীতের হাতের মুভমেন্ট ছিল অত্যন্ত অস্বাভাবিক। তাঁর হাত লেগে বলের গতি বদলে গিয়ে জালে জড়িয়ে যায়। টেলিভিশন রিপ্লেতে দেখলে মনে হয়েছে, যেন গোল বাঁচানোর বদলে গুরপ্রীতই হাত দিয়ে বলটিকে গোলে ঠেলে দিয়েছেন।
প্রথম গোলের ধাক্কা সামলে ওঠার আগেই ফের বিপদে পড়ে ভারত। ৪১ মিনিটে ডানপ্রান্ত থেকে এস্তেভাওয়ের বাড়ানো বলে কার্যত একের বিরুদ্ধে এক পরিস্থিতিতে চলে যান পেদ্রো। ভারতীয় রক্ষণভাগ তাঁকে আটকাতে পারেনি। পেদ্রোর শটও এমন ছিল না, যাকে একেবারে ‘অসেভেবল’ বলা যায়। কিন্তু গুরপ্রীত সেই বলটিও ঠেকাতে ব্যর্থ হন। ফলে প্রথমার্ধ শেষ হওয়ার আগেই ০-২ গোলে পিছিয়ে পড়ে ভারত।
দুই গোলের ধাক্কায় ভারতের আত্মবিশ্বাসও কার্যত তলানিতে চলে যায়। দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করলেও ব্রাজিলের দাপটের সামনে ভারতীয় দল খুব একটা সুযোগ তৈরি করতে পারেনি। মাঝমাঠ থেকে আক্রমণ তৈরি করা থেকে শুরু করে রক্ষণ সামলানো—প্রায় প্রতিটি ক্ষেত্রেই ব্রাজিল এগিয়ে ছিল। আর ভারতের গোলের নিচে গুরপ্রীতের পারফরম্যান্স সেই চাপ আরও বাড়িয়ে দেয়।
এখানেই প্রশ্ন উঠছে, আন্তর্জাতিক ফুটবলে ৯০ ম্যাচ খেলা একজন অভিজ্ঞ গোলরক্ষকের কাছ থেকে কি এমন ভুল প্রত্যাশিত? বিশেষ করে প্রতিপক্ষ যখন ব্রাজিলের মতো দল, তখন সামান্য ভুলেরও যে বড় মূল্য চোকাতে হয়, সেটাই যেন ফের প্রমাণিত হল যুবভারতীতে।
ম্যাচ শেষে গুরপ্রীতের বক্তব্য নিয়েও শুরু হয়েছে বিতর্ক। নিজের ভুলকে খুব বড় করে দেখতে নারাজ ভারতের অধিনায়ক। তাঁর মতে, ফুটবলে ছোটখাটো ভুল হয়েই থাকে। তবে সমর্থকদের প্রশ্ন, ব্রাজিলের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে গোলরক্ষকের এমন ভুলকে কি শুধুই ‘ছোটখাটো ভুল’ বলে এড়িয়ে যাওয়া যায়?
অধিনায়ক হিসেবে গুরপ্রীতের দায়িত্ব শুধু গোলপোস্ট সামলানো নয়, কঠিন মুহূর্তে দলকে মানসিক ভাবে চাঙ্গা রাখাও। কিন্তু প্রথমার্ধেই পরপর দুই গোল হজম করার পর ভারতীয় দলের আত্মবিশ্বাসে যে বড় ধাক্কা লেগেছিল, তা স্পষ্ট হয়ে যায়। শেষ পর্যন্ত ব্রাজিলের বিরুদ্ধে ভারতের পারফরম্যান্স হতাশাজনকই থেকে যায়। আর সেই হতাশার কেন্দ্রে উঠে এসেছে গুরপ্রীতের ভুল এবং ম্যাচ-পরবর্তী তাঁর মন্তব্য।

Post a Comment

Previous Post Next Post